আজ ইউনাইটেড পাওয়ারের লেনদেন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ারের শেয়ারের লেনদেন আজ রোববার থেকে শুরু হচ্ছে। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে একই সঙ্গে কোম্পানিটির লেনদেন শুরু হবে। ডিএসইর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
২০১০ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির পর সংশোধিত বুক বিল্ডিং পদ্ধতির প্রথম কোম্পানি হিসেবে এটি বাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটির শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ৭২ টাকা। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর এ শেয়ারের নির্দেশক মূল্য ছিল ৬০ টাকা। এ পদ্ধতিতে কোম্পানিটি বাজারে ৩ কোটি ৩০ লাখ শেয়ার বিক্রি করে প্রায় ২৩৭ কোটি ৬০ লাখ টাকা সংগ্রহ করেছে।
২০১০ সালে শেয়ারবাজার কেলেঙ্কারির আগে বুক বিল্ডিং পদ্ধতিতে বেশ কিছু কোম্পানি বাজারে আসে। পরবর্তী সময়ে কোম্পানিগুলোর শেয়ারের মূল্য ও কিছু ত্রুটির কারণে পুরো পদ্ধতিটি প্রশ্নের মুখে পড়ে।
এরপর পুনর্গঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বুক বিল্ডিং পদ্ধতিটি সংশোধন করে। সে সংশোধিত পদ্ধতি ব্যবহার করে প্রথম কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হতে যাচ্ছে ইউনাইটেড পাওয়ার।