আজ সিঅ্যান্ডএ টেক্সটাইলের লেনদেন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ বুধবার থেকে বস্ত্র খাতের কোম্পানি সিঅ্যান্ডএ টেক্সটাইলের লেনদেন শুরু হচ্ছে। গত বছরের ৯ থেকে ১৩ নভেম্বর কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অর্থ সংগ্রহ করে।
চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় প্রতিষ্ঠিত এ টেক্সটাইল কোম্পানিটি আইপিওর মাধ্যমে সাড়ে চার কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৪৫ কোটি টাকা সংগ্রহ করে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুতে এসব শেয়ার বিক্রি করা হয়। যদিও কোম্পানিটি আইপিও বিবরণীপত্র বা প্রসপেক্টাসে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা তুলে নিয়েছে। এ নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও এটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিয়ম অনুযায়ী, নতুন কোম্পানি হিসেবে এটি স্টক এক্সচেঞ্জে ‘এন’ শ্রেণিভুক্ত হবে।
২০০১ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানির পরিশোধিত মূলধন ছিল মাত্র পাঁচ লাখ টাকা। আইপিওতে আসার আগে ২০১৩ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে দুই দফায় প্রাক-আইপিও প্লেসমেন্টের মাধ্যমে এর মূলধন বাড়ানো হয় ১২৯ কোটি ৯৫ লাখ টাকা। এর ফলে পাঁচ লাখ টাকার মূলধনের কোম্পানি আইপিওতে আসার আগে হয়ে যায় ১৩০ কোটি টাকার কোম্পানি!