আজও কমেছে সূচক ও লেনদেন
টানা চতুর্থ দিনের মতো আজ মঙ্গলবারও লেনদেন ও সূচক দুই-ই কমেছে শেয়ারবাজারে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল সোমবারের চেয়ে ২৪ পয়েন্ট কমে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক চার হাজার ৭৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ৮৮ পয়েন্ট কমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৭০৩ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১১ টির দাম বেড়েছে। কমেছে ১৭৯ টির। আর অপরিবর্তিত ছিল ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
অন্যদিকে সিএসইতে লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭০ টির দাম বেড়েছে। কমেছে ১৫৬ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩ কোম্পানির শেয়ারের দাম।
সূচকের পাশাপাশি আজ কমেছে লেনদেনের পরিমাণও। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪৬ কোটি ৯৭ লাখ টাকা, যা গতকালের চেয়ে ১২৩ কোটি ৩৮ লাখ টাকা কম। এদিন সিএসইতে ৩৮ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪ কোটি ৯৭ লাখ টাকা কম।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষ অবস্থানে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ এ প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি টাকার। এ শেয়ারবাজারে লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইসলামি ব্যাংক, ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা প্রভৃতি।