আট কার্যদিবসে সূচক কমেছে ১৫৭ পয়েন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আস্থাহীন শেয়ারবাজারে অব্যাহতভাবে চলছে দরপতন। প্রতিদিনই একটু একটু করে কমছে বাজারের সূচক। আট কার্যদিবস ধরে বাজারে সূচকের পতন অব্যাহত রয়েছে। এ সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১৫৭ পয়েন্ট।
সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ডিএসইর প্রধান সূচকটি কমেছে প্রায় ৩৩ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি কমেছে ১১৫ পয়েন্ট। সেই সঙ্গে ঢাকার বাজারে লেনদেনও আগের কার্যদিবসের চেয়ে কিছুটা কমে গেছে।
বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের ডিন মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরেই বিনিয়োগকারীদের মধ্যে একধরনের আস্থাহীনতা বিরাজ করছে। এ কারণে লেনদেনে গতি ফিরছে না।
মোহাম্মদ মূসা আরও বলেন, শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা (এক্সপোজার লিমিট) হিসাবের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কিছুদিন আগে আইনি শর্ত শিথিল করেছে। সেটিকে কেন্দ্র করে বাজারে সাময়িকভাবে কিছুটা গতি ফিরলেও তা স্থায়ী হয়নি। বাংলাদেশ ব্যাংকের ওই ঘোষণাকে কেন্দ্র করে বাজারে সূচক যতটা বেড়েছিল, এখন তা কমতে কমতে আবার পূর্বাবস্থায় ফিরছে। এ অবস্থায় যেসব বিনিয়োগকারীর সামর্থ্য রয়েছে, তাঁরাও বিনিয়োগে এগিয়ে আসছেন না।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের বাজার পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, এদিন স্বল্প মূলধনি কোম্পানির শেয়ারের বেশি দরপতন ঘটেছে। স্বল্প মূলধনি কোম্পানিগুলোর প্রতিটি শেয়ারের দাম গতকাল গড়ে ১ শতাংশ করে কমেছে।
ঢাকার বাজারে রোববার দরবৃদ্ধিতে শীর্ষে ছিল ফু-ওয়াং সিরামিক। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম সাড়ে ৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ৮০ পয়সায়। গতকাল কোম্পানিটির গত অক্টোবর–ডিসেম্বর প্রান্তিক এবং জুলাই–ডিসেম্বর সময়ের অর্ধবার্ষিক ইপিএস প্রকাশ করা হয়। তাতে শেয়ারপ্রতি আয় বেড়েছে। তার প্রভাবে এটির শেয়ারের দাম বেড়েছে বলে আইডিএলসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঢাকার বাজারে গতকাল লেনদেনে শীর্ষে উঠে আসে ওষুধ খাতের কোম্পানি স্কয়ার ফার্মা। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ২ শতাংশ বা ৪ টাকা ৮০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ টাকায়। এদিন কোম্পানিটির প্রান্তিক ও অর্ধবার্ষিক ইপিএস প্রকাশ করা হয়। উভয় ক্ষেত্রেই আয় আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। আর সেই তথ্যে কোম্পানিটির শেয়ার লেনদেনের শীর্ষে উঠে আসে। গতকাল এক দিনেই এককভাবে এটির ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ঢাকার বাজারে গতকাল লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ৭৭ শতাংশেরই দাম কমেছে। এদিন ৩২৮ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। তার মধ্যে ২৫৩টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১৭ শতাংশ বা ৫৫টির দাম। আর অপরিবর্তিত ছিল ৬ শতাংশ বা ২০টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৩৯৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা কম।
সিএসইতে লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৭৩ শতাংশ বা ১৭৩টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ৪১টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩০ কোটি টাকা, যা আগের দিনের প্রায় সমতুল্য।