আট মাসের ব্যবধানে সর্বনিম্ন লেনদেন ঢাকার বাজারে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের পরিমাণ আরও কমে সাড়ে তিন শ কোটির নিচে নেমে গেছে। গতকাল সোমবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৪২ কোটি টাকা। চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত এটিই সর্বনিম্ন লেনদেন।
এর আগে সর্বশেষ গত বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকার বাজারে সর্বনিম্ন ৩১৫ কোটি টাকার লেনদেন হয়েছিল। এরপর প্রায় আট মাসের ব্যবধানে ঢাকার বাজারে লেনদেন আবারও সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে গতকাল।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কয়েক দিন ধরেই বাজার নিম্নমুখী প্রবণতায় রয়েছে। প্রতিদিনই একটু একটু করে সূচক কমছে। সেই সঙ্গে লেনদেনের পরিমাণও। বাজেটকে সামনে রেখে বাজারে একধরনের নেতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, বাজেটে শেয়ারবাজারের জন্য তেমন কোনো প্রত্যাশা নেই। তা সত্ত্বেও বাজেট ঘোষণাকে কেন্দ্র করে একধরনের অনিশ্চয়তার পরিবেশ তৈরি করা হয়। যাতে আতঙ্কে সাধারণ বিনিয়োগকারীরা বিনিয়োগে এগিয়ে না আসেন। এতে শেয়ারের দাম পড়তে থাকে। সেই সুযোগে একটি পক্ষ কম দামে শেয়ার কিনে নেন। বাজেটপরবর্তী সময়ে দাম বাড়লে কম দামে কেনা শেয়ার বেশি দামে বিক্রি করে দিয়ে মুনাফা তুলে নেন তাঁরা।
নাম প্রকাশ না করার শর্তে একটি ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রতিবছর বাজেটকে সামনে রেখে একটি পক্ষ বাজারে দরপতনের পরিবেশ তৈরি করে। ফলে সাধারণ বিনিয়োগকারীরা ভীত হয়ে হাতের শেয়ার বিক্রি করে দেন। নতুন করে বিনিয়োগ আসে না। এ সুযোগকে কাজে লাগিয়ে একটি পক্ষ কম দামে শেয়ার কিনে নিয়ে স্বল্প সময়ে ভালো মুনাফা তুলে নেন।
আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটকে ঘিরে শেয়ারবাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জোরালো কোনো দাবি নেই। তবে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আলাদা কিছু সুপারিশ করা হয়েছে।
এদিকে গতকাল দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৭ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৩৪২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২১ কোটি টাকা কম।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে লেনদেনে বিনিয়োগকারীর অংশগ্রহণ ক্রমশ নিষ্ক্রিয় হচ্ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে লেনদেনে। ঢাকার বাজারে গতকালের লেনদেনের ২১ শতাংশই ছিল বস্ত্র খাতের দখলে। দরবৃদ্ধিতে এগিয়ে ছিল জীবন বিমা খাতের কোম্পানিগুলো।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল দিন শেষে ৬২ পয়েন্ট কমেছে। সেখান বাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় ৩০ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি টাকায়।