সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা একটায় লেনদেনের আড়াই ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা একটায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,২৩৮ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক বাড়ে ২৬ পয়েন্ট। এর পর থেকে নিম্নমুখী প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৭টির দাম কমেছে। বেড়েছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময় পর্যন্ত ডিএসইতে ৪১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আড়াই ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস, ডেসকো, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, সিঙ্গার বিডি, গ্রামীণফোন, ফ্যামিলি টেক্স, এমজেএল বিডি, লাফার্জ সুরমা সিমেন্ট প্রভৃতি।