শেয়ারবাজার
আতঙ্কের বিক্রিতে বড় দরপতন
গত ১০ কার্যদিবসের মধ্যে ৯ দিনই দরপতন ঘটেছে শেয়ারবাজারে। তাতে ঢাকার বাজারের প্রধান সূচকটি কমেছে ৪৮৩ পয়েন্ট।
আতঙ্কের বিক্রিতে দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন চলছে। তাতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল এক দিনেই ১২০ পয়েন্ট বা পৌনে ২ শতাংশ কমেছে। তাতে প্রধান এ সূচক গতকাল দিন শেষে ৭ হাজার পয়েন্টের মাইলফলকের নিচে নেমে আসে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটিও গতকাল ৪০০ পয়েন্ট বা ২ শতাংশ কমেছে। গত ১০ কার্যদিবসের মধ্যে ৯ দিনই সূচক কমেছে। এ ৯ দিনে ডিএসইএক্স সূচকটি কমেছে ৪৮৩ পয়েন্ট বা সাড়ে ৬ শতাংশ। আর চট্টগ্রাম বাজারের সূচকটি কমেছে ১ হাজার ৩৪৬ পয়েন্ট বা সোয়া ৬ শতাংশ। দরপতনের প্রতিবাদে গতকাল মতিঝিলে ডিএসইর সামনে বিক্ষোভ করেছেন একদল বিনিয়োগকারী। এ সময় তাঁরা বলেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে বাজারে দরপতন ঘটাচ্ছে।
এদিকে ঢাকার বাজারের সূচক ৭ হাজারের মাইলফলকের নিচে নেমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ বিনিয়োগকারীদের আতঙ্ককে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী দরপতনকে ত্বরান্বিত করতে চাচ্ছে। তবে দরপতন হলেও বাজারে বেশ ক্রেতা রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। তাঁরা বলছেন, একটি গোষ্ঠী আতঙ্কিত হয়ে কম দামে শেয়ার বিক্রি করছে ঠিকই; কিন্তু একটি গোষ্ঠী একটু একটু করে সেই শেয়ার কিনেও নিচ্ছে। এ কারণে লেনদেনও ভালো অবস্থায় রয়েছে।
তবে সাম্প্রতিক এ পতনের পেছনে বেশ কিছু কারণের কথা জানান বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের তদন্তে কিছু ব্যাংকের নিয়ম ভেঙে শেয়ারবাজারে বিনিয়োগের প্রমাণ মিলেছে। সেসব ব্যাংক বাধ্য হয়েছে অনিয়মে কেনা শেয়ার বিক্রিতে। দ্বিতীয়ত, শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানির বন্ডে বিনিয়োগ করতে সরকারি-বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠানের দিক থেকেও বাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে। এ ছাড়া করোনার কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসায় বড় বড় অনেক শিল্প গ্রুপ ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী শেয়ারবাজারে বিনিয়োগ করেছিল। করোনার ধাক্কা কাটিয়ে অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক ধারায় ফিরতে শুরু করায় ওই শিল্প গ্রুপ ও ব্যবসায়ীদের একটি অংশ শেয়ারবাজার থেকে টাকা তুলে নিচ্ছে। এসব খবর একটু একটু বাজারে জানাজানি হওয়ার পর বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে চলে যান। অনেকে মুনাফা তুলে নিয়ে চুপচাপ হয়ে যান।
সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সমন্বিত উদ্যোগের প্রয়োজন। বাজার কয়েক দিন ঊর্ধ্বমুখী ধারায় থাকলে বিনিয়োগকারীদের এ আতঙ্ক কেটে যাবে।হেলাল উদ্দিন, অধ্যাপক, অর্থনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রায় এক বছরের বড় ধরনের টানা উত্থানের পর বাজারে কিছুটা মূল্য সংশোধন প্রত্যাশিতই ছিল। কিন্তু স্বাভাবিক নিয়মে সেই মূল্য সংশোধন হচ্ছিল না। ব্যাংকসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নানা অনিয়মে জড়িয়ে পড়ছিল। পাশাপাশি বাজারের কারসাজিকারকেরাও কোনো আইনকানুনের তোয়াক্কা না করে কিছু শেয়ার নিয়ে যাচ্ছেতাইভাবে মূল্যবৃদ্ধি ঘটাচ্ছিল। তাতে কিছু কিছু কোম্পানির শেয়ারের দাম অতি অল্প সময়ের মধ্যে ৬-৭ গুণ হয়ে যায়। এমন এক পরিস্থিতিতে শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ তদারকিতে নামে বাংলাদেশ ব্যাংক। তাতে বেশ কয়েকটি ব্যাংকের ক্ষেত্রে আইন লঙ্ঘন করে বড় ধরনের বিনিয়োগের প্রমাণ পায় সংস্থাটি। এমনকি শেয়ারবাজারের কারসাজিকারকদের সঙ্গে একত্র হয়ে কয়েকটি ব্যাংকের অনিয়মের বিষয়টি ধরা পড়ে। এ অবস্থায় জরিমানার পাশাপাশি ব্যাংকগুলোকে অনিয়ম করে কেনা শেয়ার বিক্রি করতে বাধ্য করা হয় ও হচ্ছে। এ কারণে বাজারে প্রাতিষ্ঠানিক বিক্রির চাপ বেড়ে যায়।
এ ছাড়া শেয়ারবাজারে তালিকাভুক্ত একটি কোম্পানির সুকুক বন্ডে সাধারণ বিনিয়োগকারীদের জন্য নির্ধারিত কোটা পূর্ণ না হওয়ায় এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে ওই বন্ডের জন্য বাড়তি বিনিয়োগ সংগ্রহ করা হচ্ছে। সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান এ বন্ডে বিনিয়োগের জন্য শেয়ার বিক্রি করে বাজার থেকে অর্থ সংগ্রহ করছে। আবার যেসব প্রতিষ্ঠানের হাতে অর্থ আছে, তারা সেই অর্থ শেয়ারবাজারের বদলে বন্ডে খাটাচ্ছে। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দিক থেকে একদিকে বেড়েছে বিক্রির চাপ, অন্যদিকে কমেছে শেয়ারের ক্রেতা। এসব কারণে বাজারে পতন শুরু হয় ১০ অক্টোবরের পর থেকে।
এক সপ্তাহের বেশি সময় ধরে টানা পতন চলতে থাকায় বিনিয়োগকারীদের মধ্যেও আতঙ্ক ভর করেছে। গতকাল সোমবারের বড় দরপতনের পেছনে বড় ভূমিকা ছিল আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীদের বিক্রির চাপ। একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সূচক কমতে শুরু করায় সাধারণ বিনিয়োগকারীদের অনেকে শেয়ার বিক্রির জন্য হুমড়ি খেয়ে পড়েন।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক (লিয়েন) ও সিরডাপের পরিচালক (গবেষণা) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বিনিয়োগকারীদের মধ্যে এখন আতঙ্ক কাজ করছে। এ জন্য বাছবিচার ছাড়া সব শেয়ারের দাম কমছে। যখন বিনিয়োগকারীরা ভীত হয়ে পড়েন, তখন বাজারের মূল্য সংশোধনও (কারেকশন) বেশি হয়। এমন পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সমন্বিত উদ্যোগের প্রয়োজন। বাজার কয়েক দিন ঊর্ধ্বমুখী ধারায় থাকলে বিনিয়োগকারীদের এ আতঙ্ক কেটে যাবে বলে মনে করেন হেলাল উদ্দিন।
ডিএসইতে গতকাল লেনদেন শুরু হয় সূচকের পতন দিয়ে। প্রথম তিন ঘণ্টার মধ্যে ডিএসইর প্রধান সূচকটি ১৬৩ পয়েন্ট কমে যায়। যদিও দিন শেষে সূচকের কিছুটা পুনরুদ্ধার হয়েছে।