গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ’৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন এইচআরসি গ্রুপ ও ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী। পুঁজিবাজারের মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালে হাজির হয়ে গতকাল বুধবার তিনি এ জামিন নেন।
এর আগে গত মঙ্গলবার এ মামলায় অপর তিন অভিযুক্ত আসামি জামিন নিয়েছেন। এর ফলে এ মামলার চার আসামির সবাই এখন জামিনে রয়েছেন। যাঁদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী সাঈদ হোসেন ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় প্রিমিয়াম সিকিউরিটিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত। তিনি ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক। ’৯৬ সালের আলোচিত শেয়ারবাজার কেলেঙ্কারির পর সরকার গঠিত তদন্ত কমিটির সুপারিশে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ মামলা করে।
বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবির গতকাল সাঈদ হোসেনের আবেদন মঞ্জুর করে আগামী রোববার পর্যন্ত তাঁকে জামিন দিয়েছেন বলে বাদী পক্ষের আইনজীবী মাসুদ রানা জানিয়েছেন। মাসুদ রানা আরও বলেন, আগামী রোববার এ মামলার রায় ঘোষণার নির্ধারিত তারিখ ছিল। এখন অভিযুক্ত ব্যক্তিরা আদালতে হাজির হয়ে মামলাটির পুনরায় শুনানি শুরু করার আবেদন করেছেন। আদালত আগামী রোববার এ আবেদনের বিষয়ে আদেশ দেবেন।
এর আগে গত মঙ্গলবার একই মামলায় দেশের অপর শীর্ষ ব্যবসায়ী, র্যাংগস গ্রুপ ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ রউফ চৌধুরীসহ তিন ব্যবসায়ী আদালতে আত্মসমর্পণের পর জামিন নেন। অপর দুই ব্যবসায়ী হলেন অনু জায়গিরদার ও মসিউর রহমান। এ তিনজনও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়াম সিকিউরিটিজের মালিকানার সঙ্গে যুক্ত ছিলেন। আদালত এ তিনজনকেও রোববার পর্যন্ত জামিন দিয়েছেন।