আত্মসমর্পণের পর জামিন পেলেন তিন ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান র্যাং গস গ্রুপের চেয়ারম্যান এ রউফ চৌধুরীসহ তিনজন। অপর দুজন হলেন মসিউর রহমান ও অনু জায়গিরদার। ’৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় প্রিমিয়াম সিকিউরিটিজসহ প্রতিষ্ঠানটির চার মালিকের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাঁরা ছিলেন আসামি।
গতকাল মঙ্গলবার পুঁজিবাজার-সংক্রান্ত মামলা পরিচালনার জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে তঁারা এ জামিন নেন। এ মামলার অপর আসামি দেশের শীর্ষ পর্যায়ের আরেক শিল্পপ্রতিষ্ঠান এইচআরসি গ্রুপ ও বেসরকারি ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী এখনো আদালতে হাজির হননি। তাঁর বিরুদ্ধেও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
মামলা দায়েরকালে আসামিদের মধ্যে রউফ চৌধুরী ছিলেন প্রিমিয়াম সিকিউরিটিজের চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মসিউর রহমান। এইচআরসির সাঈদ হোসেন চৌধুরী ও অনু জায়গিরদার ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক।
যে মামলায় রউফ চৌধুরীসহ তিনজন গতকাল আদালতে আত্মসমর্পণ করেন, আগামী রোববার ওই মামলায় রায় ঘোষণার দিন ধার্য ছিল। রায় ঘোষণার আগেই অভিযুক্তরা আদালতে হাজির হন। আদালতে হাজির হয়ে জামিনের পাশাপাশি পুনরায় মামলাটির সাক্ষ্য ও জেরা শুরুর আবেদন করা হয়। ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবির আগামী রোববার পর্যন্ত আসামিদের জামিন মঞ্জুর করেন। তবে রায়ের অপেক্ষায় থাকা মামলাটির পুনরায় শুনানি শুরু হবে কি না, সে বিষয়ে রোববার আদালত আদেশ দেবেন বলে জানিয়েছেন আসামিদের আইনজীবী মহসিন রশিদ। আসামিদের পক্ষে এদিন প্রধান আইনজীবী ছিলেন রোকনউদ্দিন মাহমুদ।
ট্রাইব্যুনালের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীসহ একাধিক সূত্র জানায়, ’৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ১৫টি মামলার মধ্যে প্রিমিয়াম সিকিউরিটিজের মামলাটিসহ তিনটি মামলা ট্রাইব্যুনালের বিচারের জন্য আসে। গত জুনে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। আর ৫ জুলাই প্রিমিয়াম সিকিউরিটিজের মামলাটি আমলে নেয় এবং চার্জ গঠন হয় ৯ জুলাই। ২৬ জুলাই থেকে এটির বিচার কার্যক্রম শুরু হয়। কিন্তু আসামিরা হাজির না হওয়ায় আদালত এ মামলার সব আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালতের নথিতে আসামিদের প্রত্যেকের ঠিকানা ব্যবহার করা হয়েছে ধানমন্ডির ১১ নম্বর (নতুন) সড়কের একটি বাড়ি। সেই হিসেবে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাটি ধানমন্ডি মডেল থানায় পাঠানো হয়। গত ২০ আগস্ট ধানমন্ডি থানা-পুলিশ ওই গ্রেপ্তারি পরোয়ানাটি পেয়ে আসামিদের গ্রেপ্তারে উদ্যোগ নেয়। কিন্তু উল্লিখিত ঠিকানায় গিয়ে পুলিশ আসামিদের কাউকে খুঁজে পায়নি।
গত সোমবার রাতে এ প্রতিবেদক উল্লিখিত ঠিকানার গোল্ড হাউস নামের বাড়িটিতে গিয়ে সেখানে আসামিদের উপস্থিতি খুঁজে পাননি। তবে ওই বাসায় মসিউর রহমান নামের সরকারি এক চাকরিজীবী থাকেন। ওই চাকরিজীবীর স্ত্রী এ প্রতিবেদককে বলেন, নামের মিলের কারণে ইতিপূর্বে মামলা-সংক্রান্ত একাধিক চিঠি ওই বাসায় এসেছে। এমনকি আসামি খুঁজতে পুলিশও এসেছে ওই বাসায়। এ ঘটনায় তাঁরা বিব্রত।
এদিকে প্রিমিয়াম সিকিউরিটিজের মামলার অভিযোগে বলা হয়েছে, ’৯৬ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে আসামিরা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন করেছেন। যেসব লেনদেনের বড় অংশই ছিল মিথ্যা বা প্রতারণামূলক।
ডিএসই সূত্রে জানা গেছে, ’৯৬ সালের কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত প্রিমিয়াম সিকিউরিটিজের মালিকানা একাধিকবার হাতবদল হয়ে বর্তমানে সেটি ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত প্রতিষ্ঠান।
১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মোট ১৫টি মামলা করে। ১৯ বছর পর এসে তিনটি মামলার বিচার শুরু হয় নবগঠিত ট্রাইব্যুনালে। এর মধ্যে চিক টেক্সের মামলার রায় ঘোষণা করেছেন আদালত। তাতে চিক টেক্সের অভিযুক্ত দুই পরিচালককে চার বছর করে কারাদণ্ড ও ৩০ লাখ টাকা করে জরিমানা করা হয়। ’৯৬ সালে কেলেঙ্কারির ঘটনায় চিটাগাং সিমেন্ট ক্লিংকার সংশ্লিষ্ট মামলাটি চলমান রয়েছে। আর রায়ের অপেক্ষায় থাকা প্রিমিয়াম সিকিউরিটিজের মামলাটি মোড় নিল। বাকি ১২টি মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।