বহুল আলোচিত ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় প্রিমিয়াম সিকিউরিটিজের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযুক্ত দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। গতকাল বুধবার দুই আসামি শেয়ারবাজার-সংক্রান্ত মামলা পরিচালনায় গঠিত বিশেষ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
ট্রাইব্যুনালের বিচারক মো. আকবর আলী শেখ আসামিদের জামিনের আবেদন মঞ্জুর করে মামলার পরবর্তী বিচারকাজের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে নিযুক্ত মামলার বাদী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইনজীবী মাসুদ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, এর আগে গত ২৫ জুলাই অভিযুক্ত অনু জায়গিরদার ও মসিউর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনালের বিচারক। ’৯৬ সালের ঠিকানা ব্যবহার করে অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। কিন্তু বর্তমানে দুই আসামির কেউই পুরোনো ঠিকানায় বসবাস করেন না। ফলে তাঁদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ অবস্থায় গতকাল দুজনই ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
এর আগে প্রিমিয়াম সিকিউরিটিজের মামলায় অভিযুক্ত দেশের শীর্ষ পর্যায়ের দুই ব্যবসায়ীকে খালাস দেন বিশেষ ট্রাইব্যুনাল। খালাস পাওয়া শীর্ষ দুই ব্যবসায়ী হলেন ব্যাংক এশিয়া ও র্যাংগস গ্রুপের চেয়ারম্যান এ রউফ চৌধুরী এবং এইচআরসি গ্রুপ ও ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী। পাশাপাশি মামলার অভিযোগ থেকে প্রিমিয়াম সিকিউরিটিজকেও খালাস দেওয়া হয়েছে।
কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে এ মামলায় অভিযুক্ত মসিউর রহমান ও অনু জায়গিরদারের বিচারের কার্যক্রম স্থগিত ছিল। পরে উচ্চ আদালতের স্থগিতাদেশের মেয়াদ শেষ হলে ট্রাইব্যুনালে এ দুই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিচারকার্য শুরু হয়।
ট্রাইব্যুনালে নিযুক্ত বিএসইসির আইনজীবী মাসুদ রানা গতকাল প্রথম আলোকে বলেন, অভিযুক্ত দুই আসামি উচ্চ আদালতে এই মামলা পরিচালনার বিষয়ে অনাগ্রহ দেখিয়ে নিম্ন আদালতে মামলা পরিচালনায় আগ্রহ দেখিয়েছেন। তাই এখন বিশেষ ট্রাইব্যুনালেই মামলা পরিচালিত হবে। ২৪ আগস্ট মামলার বিচার কার্যক্রমের জন্য পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এদিকে ১৯৯৬ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় প্রিমিয়াম সিকিউরিটিজের বিরুদ্ধে মামলা দায়েরের সময় মসিউর রহমান ছিলেন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। আর অনু জায়গিরদার ছিলেন পরিচালক।