আবার ৫ হাজার পয়েন্ট ছাড়াল ডিএসইর সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের বড় উত্থানের মধ্যে আজ বুধবার দেশের শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। লেনদেন শেষে দেশের দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

ডিএসইতে ৮৪৬ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,০০৫ পয়েন্টে। রোববার ডিএসইর সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে এলেও চার দিনের ব্যবধানে আবারও পাঁচ হাজার পয়েন্ট ছাড়িয়েছে ডিএসইর প্রধান সূচক।
এর আগে আজ সকালে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দিন শেষে ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকে।
আজ ডিএসইতে ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১টির দাম বেড়েছে। কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৮৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭৮ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৬৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইতে ৬০ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসইতে) সূচক বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ২৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৬১ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০১টির দাম বেড়েছে, কমেছে ৮৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আজ সিএসইতে ৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে ডেসকো
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে ডেসকো। আজ প্রতিষ্ঠানটির ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, যমুনা অয়েল, আরএসআরএম স্টিল, কেয়া কসমেটিকস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এমজেএল বিডি, বারাকাতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকস, বেক্সিমকো, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রভৃতি।