আবারও ইতিবাচক ধারায় শেয়ারবাজার
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ রোববার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমলেও বেড়েছে সূচক।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিনের লেনদেন শেষে নয় দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে ৪৮০২ পয়েন্টে।
সকাল সাড়ে ১০টায় ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও দিনভর সূচকের ওঠানামা চলে একাধিকবার।
ডিএসইতে আজ ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৪১ টির দাম বেড়েছে, কমেছে ১৪৯ টির আর অপরিবর্তিত ছিল ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার দর।
ডিএসইতে আজ ৮০৬ দশমিক ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭৬ দশমিক ৬৬ কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৬২৯ দশমিক ৮৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম শেয়ারবাজারেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে সিএসইর সার্বিক মূল্যসূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬১ দশমিক ৯৬ পয়েন্টে। লেনদেন হয়েছে ৬০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার।
আজ সিএসইতে হাতবদল হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে ১১০ টির দাম বেড়েছে; কমেছে ১২৬ টির আর অপরিবর্তিত ছিল ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড। আজ এই প্রতিষ্ঠানের ২৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ডেসকো, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রভৃতি।