আবারও ঋণের লাগাম টানল বিএসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্ত নতুন কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির লাগাম টানতে আবারও ঋণ সুবিধা বন্ধ করা হয়েছে। এর ফলে এখন থেকে নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের বিপরীতে প্রথম ৩০ দিন কোনো ঋণ সুবিধা পাওয়া যাবে না।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আজ মঙ্গলবারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিএসইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে তালিকাভুক্ত কোনো কোম্পানির শ্রেণি পরিবর্তন হলে ওই কোম্পানির শেয়ারের বিপরীতেও ৩০ দিন কোনো ঋণ সুবিধা মিলবে না।

ধরা যাক, ১ নভেম্বর থেকে কোনো একটি কোম্পানির শেয়ারবাজারে লেনদেন শুরু হবে। সে ক্ষেত্রে তালিকাভুক্তির প্রথমদিন থেকে ৩০ কার্যদিবস পর্যন্ত ওই শেয়ারের বিপরীতে কোনো বিনিয়োগকারীকে ঋণ সুবিধা দিতে পারবে না ঋণদাতা ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক। একইভাবে ১ নভেম্বর থেকে যদি তালিকাভুক্ত কোনো কোম্পানির শ্রেণি পরিবর্তন হয় সে ক্ষেত্রেও নতুন শ্রেণিভুক্ত হওয়ার পর থেকে প্রথম ৩০ কার্যদিবস ওই শেয়ারের বিপরীতে কোনো ধরনের ঋণ সুবিধা মিলবে না।

সাম্প্রতিক সময়ে নতুন তালিকাভুক্তির প্রথম দিন থেকেই একাধিক কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটে। বাজার সংশ্লিষ্টদের মতে, নতুন তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা বিদ্যমান থাকায় এ ধরনের অস্বাভাবিক দরবৃদ্ধির ঘটনা ঘটে। এমন পরিস্থিতিতে নতুন শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির লাগাম টানতে আবারও ঋণ বন্ধের উদ্যোগ নেয় বিএসইসি।