আবারও জরিমানা মার্চেন্ট ব্যাংক এফএসএসকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের মার্চেন্ট ব্যাংক ফার্স্ট সিকিউরিটিজ সার্ভিসেসকে (এফএসএস) এক মাসের ব্যবধানে আবারও ২০ লাখ টাকা জরিমানা করা হলো। এর মধ্যে শেয়ার কারসাজির সঙ্গে যুক্ত থাকার দায়ে ১৫ লাখ ও ইস্যু ব্যবস্থাপক হিসেবে দায়িত্বে অবহেলার দায়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ জরিমানা করেছে। গত মঙ্গলবার বিএসইসির সভায় জরিমানার এ সিদ্ধান্ত হয়। এফএসএস ছাড়াও শেয়ার কারসাজির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটির সাবেক শীর্ষ নির্বাহী কর্মকর্তা কাজী সাইফুর রহমান ও হেরিটেজ ক্যাপিটাল নামের অপর এক প্রতিষ্ঠানকে মোট ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে হেরিটেজ ক্যাপিটালকে ২৫ লাখ ও সাইফুর রহমানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে গত ১২ আগস্ট অনুষ্ঠিত বিএসইসির সভায় এফএসএসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের কার্যক্রম এক বছরের জন্য স্থগিত করা হয়েছিল ওই সভায়। এফএসএস শুধু ইস্যু ম্যানেজার ও অবলেখনকারী (আন্ডার রাইটার) কার্যক্রম পরিচালনায় বিএসইসির সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান। ইস্যু ব্যবস্থাপনা কার্যক্রম স্থগিত করায় প্রতিষ্ঠানটি উল্লিখিত সময়ে কেবল অবলেখনকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবে।
গত এক মাসে এফএসএস মার্চেন্ট ব্যাংকটিকে মোট ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহী সাইফুরের বিরুদ্ধে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির (সিরিজ লেনদেন) প্রমাণ পেয়েছে বিএসইসি। এ জন্য তাঁকে জরিমানার পাশাপাশি পাঁচ বছরের জন্য পুঁজিবাজারে নিষিদ্ধ করেছে নিয়ন্ত্রক সংস্থা।
বিএসইসি জানিয়েছে, সাইফুর চারটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের মাধ্যমে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ ও তাল্লু স্পিনিংয়ের শেয়ার নিয়ে ২০১৩ সালে কারসাজির ঘটনা ঘটিয়েছেন। এই কারসাজির মাধ্যমে তিনি অল্প সময়ে বঙ্গজের শেয়ারে সমষ্টিগতভাবে ৪২ শতাংশ ও তাল্লুর শেয়ারে ৪ দশমিক ২৯ শতাংশ মুনাফা করেছেন।
বিও হিসাবের মাধ্যমেই শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার লেনদেন করা হয়। অর্থাৎ শেয়ারবাজারে লেনদেন করতে হলে প্রত্যেক বিনিয়োগকারীর বিও হিসাব থাকা বাধ্যতামূলক।
বিএসইসির তথ্য অনুযায়ী, সাইফুর নিজ নামের একটি ও এফএসএসের নামের একটি এবং তাঁর স্ত্রীর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হেরিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্টের নামে দুটিসহ মোট চারটি বিও হিসাব ব্যবহার করে কারসাজির ঘটনা ঘটিয়েছেন। এ জন্য হেরিটেজ ক্যাপিটালকেও জরিমানা করা হয়েছে।
বিএসইসি বলছে, মার্চেন্ট ব্যাংকের শীর্ষ পদে থেকে এ ধরনের কারসাজির ঘটনার মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছেন সাইফুর।
এ বিষয়ে সাইফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থা জরিমানা করেছে। আমার কিছু বলার থাকলে আমি তা আপিলের মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাকে জানাব।’
শেয়ারবাজার-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সাইফুর একসময় আবাসন খাতের একটি প্রতিষ্ঠানে হিসাববিদ হিসেবে কাজ করতেন। সেখান থেকে চাকরি ছেড়ে শেয়ারবাজারের সঙ্গে যুক্ত হন।
এদিকে কারসাজির ঘটনার বাইরে ফার কেমিক্যাল নামের একটি কোম্পানির ইস্যু ব্যবস্থাপক হিসেবে যথাযথ দায়িত্ব পালন না করায় এফএসএসকে জরিমানা করা হয়েছে। তথ্য লুকিয়ে ফার কেমিক্যাল নামের কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন পেয়েছিল। এ জন্য ইস্যু ব্যবস্থাপকের পাশাপাশি তথ্য গোপনের অপরাধে ফার কেমিক্যালকেও আলাদাভাবে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত ৩ জুলাই প্রথম আলোয় ‘তথ্য লুকিয়ে ফার কেমিক্যালের আইপিও অনুমোদন’-এর বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। তাতে বলা হয়েছিল, কোম্পানিটির চেয়ারম্যান আবিদ মোস্তাফিজুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক কিম জং সুক দুজনই শেয়ারবাজার-সংশ্লিষ্ট জালিয়াতির মামলায় অভিযুক্ত। কিন্তু সেই তথ্য আইপিও বিবরণীপত্র বা প্রসপেক্টাসে গোপন করা হয়েছে। ইস্যু ব্যবস্থাপক হিসেবে প্রসপেক্টাসের উল্লিখিত তথ্যের সত্যতা নিশ্চিত করার দায়িত্ব ছিল এফএসএসের।