আবারও ত্রাতা স্কয়ারের ৪ উদ্যোক্তা

  • গতকালের বাজারমূল্য অনুযায়ী এই ৯ লাখ শেয়ারের দাম প্রায় ২০ কোটি টাকা।

  • ২৮ এপ্রিলের মধ্যে কেনা হবে এসব শেয়ার।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আবারও উদাহরণ স্থাপন করলেন স্কয়ার ফার্মার চার উদ্যোক্তা পরিচালক। কয়েক দিন ধরে শেয়ারবাজারে যখন টানা দরপতন চলছে এবং লেনদেনও আশঙ্কাজনকভাবে কমছে তখন সেকেন্ডারি বাজার থেকে ৯ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন তাঁরা।

গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জে শেয়ার কেনার ঘোষণা দেন স্কয়ার ফার্মার উদ্যোক্তারা। গতকালের বাজারমূল্য অনুযায়ী এই ৯ লাখ শেয়ারের দাম প্রায় ২০ কোটি টাকা।

শেয়ারবাজারে যখন দরপতন চলছে, তখন নতুন করে নিজেদের কোম্পানির ৯ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন স্কয়ার ফার্মার চার উদ্যোক্তা পরিচালক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২০ দিনে শেয়ারবাজার থেকে এই শেয়ার কিনবেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী ও পরিচালক অঞ্জন চৌধুরী। সম্পর্কে তাঁরা ভাইবোন এবং প্রয়াত শিল্পোদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর ছেলেমেয়ে। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকেরা জানান, ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় তাঁরা কোম্পানিটির শেয়ারে এমন বিনিয়োগ করছেন। এ মুহূর্তে এ বিনিয়োগকে তাঁরা ‘সেরা বিনিয়োগ’ বলেও মনে করছেন।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকেরা শেয়ার কেনার যে ঘোষণা দিয়েছেন, তাতে প্রত্যেকে সোয়া ২ লাখ করে মোট ৯ লাখ শেয়ার কেনার কথা জানিয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে এ ঘোষণা আসে বাজারে। স্কয়ারের মূল উদ্যোক্তাদের শেয়ার কেনার ঘোষণা আসায় দিনের শেষ ভাগে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে যায়। দিন শেষে ডিএসইতে স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের দাম৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২২১ টাকা ৪০ পয়সায়। যদিও দিনের লেনদেন শুরু হয়েছিল শেয়ারের দরপতন দিয়ে।

মন্দা বাজারে শেয়ার কেনার উদ্যোগ প্রসঙ্গে জানতে চাইলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে নিজেদের কোম্পানির শেয়ারে বিনিয়োগ করাকে আমাদের কাছে “গুড ইনভেস্টমেন্ট বা সেরা বিনিয়োগ” সিদ্ধান্ত বলে মনে হয়েছে। কারণ, আমাদের কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। করোনার মধ্যে আমরা পাবনায় নতুন বিনিয়োগ করেছি। শিগগিরই তার সুফল পেতে শুরু করবে কোম্পানি। এখন বাজারে কোম্পানির শেয়ারের যে দাম, তাতে এ বিনিয়োগ ভবিষ্যতে আমাদের ভালো রিটার্ন দেবে। এ ছাড়া আমাদের হাতেও নগদ অর্থ রয়েছে। তাই শেয়ারে বিনিয়োগের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ মুহূর্তে নিজেদের কোম্পানির শেয়ারে বিনিয়োগ করাকে আমাদের কাছে ‘গুড ইনভেস্টমেন্ট বা সেরা বিনিয়োগ’ সিদ্ধান্ত বলে মনে হয়েছে।
তপন চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস

কোম্পানিসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্দা শেয়ারবাজারে অনেক দিন ধরেই স্কয়ার ফার্মার শেয়ারের দাম ২০০ থেকে ২৪০ টাকার মধ্যে ওঠানামা করছে। কয়েক দিন ধরে বাজারে দরপতন হচ্ছে। এ অবস্থায় স্কয়ারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে বিনিয়োগের সিদ্ধান্ত নেন চার উদ্যোক্তা। এ জন্য চার উদ্যোক্তা পরিচালকের প্রত্যেকে পাঁচ কোটি টাকা করে বিনিয়োগ করবেন।

এর আগে ২০২০ সালের জানুয়ারিতে শেয়ারবাজারে যখন অস্বাভাবিক দরপতন চলছিল, তখনো স্কয়ার ফার্মার এই চার উদ্যোক্তা পরিচালকের প্রত্যেকে তিন লাখ করে শেয়ার কেনার ঘোষণা দেন। তাতে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দরপতন থেমেছিল। এমনকি বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতেও সহায়তা করেছিল সে সময়ের শেয়ার কেনার ওই ঘোষণা।

স্কয়ারের চার উদ্যোক্তাকে শেয়ার কেনার ঘোষণা আগামী ২৮ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এর পর থেকে কোম্পানির আর্থিক বছর শেষ হওয়া পর্যন্ত শেয়ার কেনাবেচা করতে পারবেন না তাঁরা। কারণ, আইন অনুযায়ী কোনো কোম্পানির আর্থিক বছর শেষ হওয়ার দুই মাস আগে থেকে ওই কোম্পানির আর্থিক প্রতিবেদন কোম্পানির পর্ষদে অনুমোদন না হওয়া পর্যন্ত এর উদ্যোক্তা-পরিচালকেরা শেয়ার কেনাবেচায় অংশ নিতে পারেন না। স্কয়ার ফার্মার আর্থিক বছর শেষ হবে ৩০ জুন। সেই হিসাবে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনাবেচার ওপর আইনি নিষেধাজ্ঞা শুরু হবে ১ মে থেকে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, দরপতনের পরিস্থিতিতে স্কয়ারের চার উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণাটি বাজারের জন্য বেশ ইতিবাচক এবং ভালো উদাহরণ। এ রকম খারাপ সময়ে অন্য উদ্যোক্তারাও যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা অনেক বাড়বে।