আবারও দেড় হাজার কোটি টাকা ছাড়াল ডিএসইর লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও দেড় হাজার কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল সোমবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৫২৬ কোটি টাকা। গত প্রায় আট মাস পর এটিই ঢাকার বাজারে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ২৪ জানুয়ারি ডিএসইতে ২ হাজার ১৩ কোটি টাকার সর্বোচ্চ লেনদেন হয়েছিল।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকসহ বড় মূলধনি কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি ও লেনদেনে আধিপত্য সার্বিকভাবে বাজারের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে। কিছুদিন ধরে বাজার ঊর্ধ্বমুখী থাকায় বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগের আগ্রহও বাড়ছে। ফলে বাজারে প্রতিদিনই কিছু কিছু নতুন বিনিয়োগ আসছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করার পর বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগের আগ্রহ বেড়েছে বলে মনে করেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, ব্যাংকসহ বড় মূলধনের কিছু কোম্পানির শেয়ারের মূল্যবৃদ্ধি ঘটায় তার প্রভাব সূচক ও লেনদেনে পড়েছে। সার্বিকভাবে বাজারে এখন চাহিদা আগের চেয়ে বেড়েছে। এ অবস্থায় কিছু ভালো কোম্পানিকে বাজারে আনা দরকার। বাজারে যে চাহিদা তৈরি হয়েছে তা ভালো শেয়ারের সরবরাহ দিয়ে মোকাবিলা করতে হবে।

মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের বাজারের লেনদেনের ক্ষেত্রে ব্যাংক খাত এবং ব্লক মার্কেটের লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ঢাকার বাজারে সোমবার ব্যাংক খাতের লেনদেনের পরিমাণ ছিল প্রায় সাড়ে সাত শ কোটি টাকা। আর এদিন এ খাতের লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ারের দাম গড়ে ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৯ কোম্পানির প্রায় ১৪১ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। এর মধ্যে এককভাবে সোস্যাল ইসলামী ব্যাংকেরই লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১০৪ কোটি টাকা।

লেনদেন বাড়লে গতকাল ডিএসইতে সূচক সামান্য কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ১৫ পয়েন্ট বেড়েছে।