চার দিন পর সূচক কমল আবারও
চার কার্যদিবস পর আজ মঙ্গলবার আবারও নেতিবাচক ধারায় শেষ হলো শেয়ারবাজারের লেনদেন। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দিন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স সূচক কমেছে ৭ পয়েন্ট। দিনশেষে ডিএসইএক্স সূচক ছিল চার হাজার ৭৮৪ পয়েন্ট। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৬১ দশমিক ৫৬ পয়েন্টের মতো কমে হয়েছে ১৪ হাজার ৬২৭ পয়েন্ট।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া অর্ধেকের বেশি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট আগের দিনের তুলনায় দর হারিয়েছে। দিন শেষে ১৭২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় কমেছে। অন্যদিকে বেড়েছে ১০৮টি এবং অপরিবর্তিত আছে ৪০ টি।
অন্যদিকে, সিএসইতে হাতবদল হয়েছে ২৫৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট। এর মধ্যে আগের দিনের তুলনায় দাম বেড়েছে ৮২টির; আর কমেছে ১৫৫টি। অপরিবর্তিত আছে ২১টি।
দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৪৪ কোটি ৮০ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ২৮ কোটি ৭৯ লাখ টাকা কম। আর সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩২ কোটি ৪৪ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৫ কোটি ৩৮ লাখ টাকা কম।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- আমান ফিড, ইউনাইটেড এয়ার, লিন্ডা বিডি, ইমারেল্ড ওয়েল, স্কয়ার ফার্মা, কেপিসিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম ও জিপি।