আবারও লেনদেন নেমেছে ৫০০ কোটির নিচে
দেশের শেয়ারবাজারের লেনদেন আবারও ৫০০ কোটি টাকার নিচে নেমে গেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেন নেমে আসে ৪৭৮ কোটি টাকায়। সর্বশেষ গত ১৮ জুন ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকার নিচে ছিল।
গত বৃহস্পতিবার সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৬৩৭ কোটি টাকা। সেই হিসাবে আগের কার্যদিবসের চেয়ে গতকাল লেনদেন ১৫৯ কোটি টাকা বা ২৫ শতাংশ কমে গেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল দিন শেষে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে ১৭ কোটি টাকা বা ৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫ কোটি টাকায়।
হঠাৎ করে লেনদেনের এ ছন্দপতনের জন্য প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারীর নিষ্ক্রিয়তাকে দায়ী করেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, ২৬ জুলাই ঘোষিত হতে যাওয়া নতুন মুদ্রানীতিকে কেন্দ্র করে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে একধরনের জুজুর ভয় তৈরি করা হয়েছে।
জানতে চাইলে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, মুদ্রানীতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এখন বেশ আলোচনা চলছে। বাজারে সরাসরি মুদ্রানীতির খুব বেশি প্রভাব না থাকলেও মনস্তাত্ত্বিক প্রভাবেই বেশি আক্রান্ত হচ্ছেন বিনিয়োগকারীরা। এ কারণে অনেকে শেয়ার বিক্রি করে বাজার পর্যবেক্ষণ করছেন। একটানা বাজারে কিছুদিন ঊর্ধ্বগতি থাকায় কেউ কেউ ভালো মুনাফা পেয়েছেন। মুনাফা তুলে নিয়ে এখন তাঁদের অপেক্ষা কম দামে শেয়ার কেনার প্রতি। তাই শেয়ারের দাম কমলে আবার তাঁরা বাজারে সক্রিয় হবেন।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগকারীরা এখন বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করছেন। ফলে বাজার কিছুটা সরল পথে চলছে। সার্বিকভাবে বাজারে কিছুটা মন্দাভাব দেখা দিয়েছে।
আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদন অনুযায়ী, লেনদেন কমলেও গতকালের বাজারে লেনদেনে আধিপত্য ছিল প্রকৌশল, বস্ত্র ও ব্যাংক খাতের। ডিএসইর মোট লেনদেনের প্রায় ৪৫ শতাংশই ছিল এ তিন খাতের। এ তিন খাতের মধ্যে আবার প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস ও নাভানা সিএনজি, বস্ত্র খাতের প্যারামাউন্ট টেক্সটাইল এবং ব্যাংক খাতের মার্কেন্টাইল ব্যাংক নেতৃত্ব দিয়েছে খাতভিত্তিক লেনদেনে।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষ তিন অবস্থানে ছিল যথাক্রমে ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক ও নাভানা সিএনজি। এ তিন কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৫৪ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১১ শতাংশ।
এদিকে লেনদেনে বড় ধরনের পতন ঘটলেও দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে সামান্য। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৬ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক কমেছে ২৮ পয়েন্ট।