আবারও সূচকে নিম্নমুখী প্রবণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হলো শেয়ারবাজারের লেনদেন। সপ্তাহের প্রথম দিনে আজ রোববার দুই স্টক এক্সচেঞ্জেই হাত বদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। পাশাপাশি গত বৃহস্পতিবারের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণও।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ২১ পয়েন্ট কমে আজ ডিএসইএক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৭৯০ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও কিছু সময় পর থেকে সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ৩১৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৪টির দাম বেড়েছে, ১৬৬টির দাম কমেছে; আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ মাত্র সাড়ে তিন শ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৭১ কোটি টাকা কম।

দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বারাকা পাওয়ার ও সিবিও পেট্রোকেমিকেল প্রভৃতি।

এদিকে, আজ সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সিএসইর সার্বিক মূল্যসূচক আজ ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭০ পয়েন্টে। এই বাজারে আজ হাতবদল হয়েছে ২৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার। এর মধ্যে ৭০ টির দাম বেড়েছে, কমেছে ১৩১টির; আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা বেশি।