আবারও ৩০০ কোটির কম ডিএসইর লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও ৩০০ কোটি টাকার নিচে নেমে গেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৭৫ কোটি টাকা। গত সপ্তাহের পাঁচ দিবসের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন লেনদেন। সপ্তাহের অন্য কার্যদিবসগুলোতে লেনদেন ৩০০ কোটি টাকার ওপরেই ছিল।
লেনদেন কমার পাশাপাশি সূচকও কমেছে ঢাকার বাজারে। এর ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আবারও নেমে এসেছে সাড়ে চার হাজার পয়েন্টের নিচে। এদিন ডিএসইএক্স প্রায় ৪১ পয়েন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪৭২ পয়েন্টে। এর আগে সর্বশেষ গত ২৪ মার্চ ডিএসইর প্রধান এ সূচকটি সাড়ে চার হাজার পয়েন্টের নিচে ছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আবারও ২০ কোটি টাকার নিচে নেমেছে। গতকাল দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৯ কোটি টাকা। এর আগে সর্বশেষ গত ১৯ মার্চ সিএসইতে ১৫ কোটি টাকার লেনদেন হয়েছিল। সিএসইর সার্বিক সূচকটিও এদিন ১৪১ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে নেমে এসেছে ১৩ হাজার ৬৭৮ পয়েন্টে।
ঢাকার বাজারে গতকাল ৩০৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০৭টিরই দাম কমেছে, বেড়েছে ৬০টির আর অপরিবর্তিত ছিল ৪২টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ৮৫ কোটি টাকা কমেছে।
চট্টগ্রামের বাজারে এদিন ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬১টিরই দাম কমেছে, বেড়েছে ৫৪টির আর অপরিবর্তিত ছিল ২৪টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সাত কোটি টাকা কমে গেছে।
এদিকে পড়তি বাজারে লভ্যাংশের ঘোষণাকে কেন্দ্র করে ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম ৬০ পয়সা বা প্রায় ৫ শতাংশ বেড়েছে। গত বুধবার বিকেলে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা শেষে ২০১৪ সালের জন্য ১৯ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা আসে। গতকাল বৃহস্পতিবার এ খবর দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত হয়। এ খবরে লেনদেনের শুরু থেকে ব্যাংকটির শেয়ারের দাম ছিল ঊর্ধ্বমুখী।