আবারও ৬ হাজারের মাইলফলক ছাড়াল ডিএসইর সূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়ে ৩৯ মাসের মধ্যে প্রথমবারের মতো ৬ হাজার পয়েন্ট ছাড়াল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮ পয়েন্টে।

এর আগে ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সূচকটি ৬ হাজার পয়েন্টের ওপরে যায়। ওই দিন লেনদেন শেষে সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৫০ পয়েন্ট।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩২ পয়েন্ট।

ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৪৯ কোটি ২১ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৭৪টির, অপরিবর্তিত আছে ৪৬টির।

ডিএসইতে এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ইফাদ অটোজ, এবি ব্যাংক, নর্দান ইনস্যুরেন্স, জিএসপি ফাইন্যান্স, লঙ্কা–বাংলা ফাইন্যান্স, ওয়ান ব্যাংক লিমিটেড, আইএফআইসি ও যমুনা ব্যাংক।

এর আগে গত কার্যদিবসে সূচক ১০১ পয়েন্ট বাড়ে ডিএসইতে। মোট লেনদেন হয় ২ হাজার ২৬৮ কোটি ৮৮ লাখ টাকার।

অন্যদিকে, সিএসইতে মোট লেনদেন হয়েছে ১০৯ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৪৩টির, অপরিবর্তিত আছে ৩৯টির।