আর্থিক খাতের শেয়ারের মূল্যবৃদ্ধির প্রভাব সূচকে
দেশের শেয়ারবাজারে গতকাল শনিবার সূচক বাড়লেও লেনদেন কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এই দিন ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮০ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৯৩ পয়েন্টে।
সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির কারণে শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকে। কিন্তু সরকারি নির্দেশে গতকাল সাপ্তাহিক ছুটি বাতিল হওয়ায় শেয়ারবাজারে লেনদেনও সচল ছিল। ঈদুল আজহা উপলক্ষে ১১ সেপ্টেম্বর এক দিন বাড়তি ছুটি ঘোষণা করা হয়েছিল। তার পরিবর্তে গতকালের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়।
ডিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৫২৩ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৩২ কোটি টাকা কম।
গত বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইয়াকিন পলিমারের লেনদেন শুরু হয়। গতকাল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৬ টাকা বা প্রায় ১৯ শতাংশ বেড়েছে। এ দিন ডিএসইতে কোম্পানিটির ৯ কোটি টাকার সমমূল্যের শেয়ার লেনদেন হয়।
গত কয়েক দিনে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ছিল। তারই ধারাবাহিকতায় গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে উঠে আসে লঙ্কাবাংলা ফিন্যান্স। এ দিন কোম্পানিটির প্রায় ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংক ও আর্থিক খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকও বেড়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে ১৭টির এবং আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে ১৮টির দাম বেড়েছে।
চট্টগ্রামের বাজারে গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৩৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৮ কোটি টাকা কম। এ দিন সিএসইতে ২৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।