সূচকের মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম। বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বমুখী ধারা। লেনদেনের ঊর্ধ্বগতি। বাজারের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১৪ দশমিক ২৯। বেশির ভাগ সূচকের ইতিবাচক অবস্থান শেয়ারবাজারে নতুন বছরে নতুন করে আশাবাদী করেছে বিনিয়োগকারীদের।
বেশির ভাগ সূচকের ইতিবাচক অবস্থার মধ্যেও শঙ্কা ছড়াচ্ছে তালিকাভুক্ত দুর্বল বা বাজে মানের কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজে কোম্পানির ক্রমাগত মূল্যবৃদ্ধির পেছনে থাকতে পারে কারসাজি। তাই বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে এ বিষয়ে।
জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের শিক্ষক মোহাম্মদ মুসা বলেন, ২০১৬ সাল শেষে বাজারের অনেক সূচকই ইতিবাচক রয়েছে। যদি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকে, তবে নতুন বছরে শেয়ারবাজারে একধরনের গতিশীলতা থাকবে বলে আশা করা যায়। বিদেশি বিনিয়োগ বৃদ্ধিও বাজারের জন্য ইতিবাচক।
মোহাম্মদ মুসা বলেন, কিছু বাজে শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটতে দেখা যাচ্ছে। যদিও সূচকে এর তেমন কোনো প্রভাব নেই। তারপরও সাধারণ বিনিয়োগকারী যেন এসব শেয়ারে বিনিয়োগ করে প্রতারিত না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
>বেশির ভাগ সূচকের ইতিবাচক অবস্থান শেয়ারবাজারে নতুন বছরে নতুন করে আশাবাদী করেছে বিনিয়োগকারীদের। তবে শঙ্কা ছড়াচ্ছে তালিকাভুক্ত দুর্বল বা বাজে মানের কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত বছরে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৮ হাজার ৭৭৩ কোটি টাকা। অতীতের যেকোনো বছরের চেয়ে তা সর্বাধিক। বছরজুড়ে বিদেশিদের এ লেনদেনের মধ্যে কেনার পরিমাণ ছিল ৫ হাজার ৫৭ কোটি টাকা আর বিক্রির পরিমাণ ছিল ৩ হাজার ৭১৬ কোটি টাকা। বছর শেষে প্রকৃত বিনিয়োগ বিদেশি বিনিয়োগ দাঁড়ায় ১ হাজার ৩৪১ কোটি টাকা।
২০১৫ সালে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেনের পরিমাণ ছিল ৭ হাজার ৪৬৫ কোটি টাকা। যার মধ্যে কেনার পরিমাণ ছিল ৩ হাজার ৮২৫ কোটি আর বিক্রির পরিমাণ ছিল ৩ হাজার ৪৪০ কোটি টাকা। ফলে ২০১৫ সাল শেষে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৩৮৫ কোটি টাকা। সেই হিসাবে ২০১৫ সালের চেয়ে ২০১৬ সাল শেষে শেয়ারবাজারে প্রকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণ ৯৫৬ কোটি টাকা বেড়েছে।
বিদেশি বিনিয়োগের মতো ২০১৬ সাল শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০৬ পয়েন্ট বা প্রায় ৯ শতাংশ বেড়েছে। বছরটি শুরু হয় ডিএসইএক্সের ৪ হাজার ৬৩০ পয়েন্টের অবস্থান দিয়ে। আর বছর শেষে তা ৫ হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমা অতিক্রম করে দাঁড়ায় ৫ হাজার ৩৬ পয়েন্টে।
এদিকে ২০১৬ সালজুড়ে ডিএসইতে লেনদেনে আধিপত্য বিস্তার করেছে প্রকৌশল খাত। সারা বছরের লেনদেনের প্রায় পৌনে ১৭ শতাংশই ছিল এ খাতের। দ্বিতীয় সর্বোচ্চ আধিপত্য বিস্তারকারী খাতটি ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাত। বছরের মোট লেনদেনের প্রায় সোয়া ১৪ শতাংশই ছিল এ খাতের। লেনদেনের দিক থেকে তৃতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। বছর শেষে ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৪ শতাংশ ছিল এ খাতের।
লেনদেনে বছরজুড়ে বেশ দুর্বল অবস্থানে ছিল যথাক্রমে পেপার ও প্রিন্টিং, পাট এবং মিউচুয়াল ফান্ড খাত। বছরজুড়ে বাজারের মোট লেনদেনে এ তিন খাতের সম্মিলিত অংশ ছিল প্রায় দেড় শতাংশ।
মূলধন জোগান
ডিএসইর তথ্য বলছে, ২০১৬ সালে ১১টি প্রতিষ্ঠান প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে বাজার থেকে প্রায় ৮৫০ কোটি টাকা সংগ্রহ করে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুটি কোম্পানি অধিমূল্য বা প্রিমিয়াম বাবদ প্রায় ৩৯৮ কোটি টাকা সংগ্রহ করেছে। ২০১৫ সালে ১২টি প্রতিষ্ঠান আইপিওর মাধ্যমে বাজার থেকে প্রায় ৮৩১ কোটি টাকা সংগ্রহ করেছিল।
আইপিওর বাইরে বিদ্যমান তিনটি কোম্পানি সদ্য বিদায়ী বছরে অধিকারমূলক বা রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে ৩৬৬ কোটি টাকার মূলধন সংগ্রহ করে।
বছর শেষে ডিএসইর তালিকাভুক্ত সব প্রতিষ্ঠানের গড় মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ১৪ দশমিক ২৯। ২০১৫ সাল শেষে যা ছিল ১৫ দশমিক ২৩।