আশুগঞ্জ পাওয়ার স্টেশনকে শেয়ারবাজারে আনার উদ্যোগ
সরকারি মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি আশুগঞ্জ পাওয়ার স্টেশনকে শেয়ারবাজারে তালিকাভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল বুধবার বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্তির বিষয়ে আগামী এক মাসের মধ্যে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। আইসিবির প্রতিবেদন পাওয়ার পর কোম্পানিটিকে শেয়ারবাজারে তালিকাভুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়। গতকাল বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ অর্থ মন্ত্রণালয়, ঢাকা স্টক এক্সচেঞ্জসহ বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সরকারি তথ্যে বলা হয়েছে, বর্তমানে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ১৬ শতাংশ জোগান দেয় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি। ২০০০ সালের জুনে এটি কোম্পানি আইনে নিবন্ধিত হয়। কোম্পানিটির নয়টি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ১ হাজার ১২৭ মেগাওয়াট। তবে বর্তমানে এটিতে ৯৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বিজ্ঞপ্তি।