আস্থা ফেরেনি বিনিয়োগকারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম
এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম

শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের হারানো আস্থা পুরোপুরি ফিরে আসেনি বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।
সার্বিক বাজার পরিস্থিতি সম্পর্কে মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, ২০১০ সালে শেয়ারবাজারে যে অভিঘাত লেগেছে, সেটি অনেকটা অনিবার্য ছিল। কারণ, বাজারটি তখন অস্বাভাবিক এক উচ্চতায় উঠে গিয়েছিল। সে অবস্থায় বাজারে যখন ধস নেমে আসে, তখন নিয়ন্ত্রক সংস্থার নেওয়া বিভিন্ন পদক্ষেপ সেটিকে আরও ত্বরান্বিত করেছিল। বিশেষ করে ধসের পর বাংলাদেশ ব্যাংক বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল, যা পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলে। পরবর্তী সময়ে অবশ্য বাংলাদেশ ব্যাংক সেসব পদক্ষেপ থেকে সরে এসেছে।
মির্জ্জা আজিজ বলেন, ২০১০ সালে ধসের ফলে বাজারে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে লাখ লাখ বিনিয়োগকারী তাঁদের পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন। এরপর অনেকগুলো সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়। বিএসইসিকে পুনর্গঠন করা হয়। তা সত্ত্বেও বাজার পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। কেননা, বাজারের প্রতি বিনিয়োগকারীদের হারানো আস্থা পুরোপুরি ফিরে আসেনি।
মির্জ্জা আজিজের মতে, বর্তমানে দেশের অর্থনীতির সার্বিক যে চিত্র, তাতে শেয়ারবাজার নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ কম। কারণ, রাজনৈতিক অস্থিরতায় উৎপাদনব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক অবস্থা খুব একটা ভালো হবে—এমন আশা করা যায় না। এ কারণে হয়তো শেয়ারবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের খুব বেশি আগ্রহ দেখা যাচ্ছে না।
মির্জ্জা আজিজ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (সাবেক এসইসি, বর্তমানে বিএসইসি) চেয়ারম্যান ছিলেন। বিভিন্ন আইপিও ইস্যুতে বর্তমান পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সমালোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ক্ষেত্রে বিএসইসির উচিত অনেক বেশি সতর্ক থাকা এবং পর্যাপ্ত যাচাই-বাছাই ও বিচার-বিবেচনা করে নতুন কোম্পানিকে বাজারে আসার অনুমোদন দেওয়া। এ বিষয়ে বিনিয়োগকারীদেরও দায় রয়েছে। সাম্প্রতিক সময়ে অনেক কোম্পানির আইপিওতে কয়েক গুণ বেশি আবেদন জমা পড়েছে। একদিকে বিনিয়োগকারীরা নিজের পয়সা ঢালবেন, অন্যদিকে ওই কোম্পানির মান নিয়ে প্রশ্ন তুলবেন, সেটা স্ববিরোধিতা। বিনিয়োগকারীরা যদি বাজে কোম্পানির আইপিওতে আবেদন না করেন, তাহলে বিএসইসি খারাপ কোম্পানি বাজারে আনার সুযোগ পেত না। তাই বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা সবার আগেই নিজেকেই নিশ্চিত করতে হবে।
বাজারের বর্তমান পরিস্থিতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরই সক্রিয়ভাবে এগিয়ে আসা উচিত বলে মনে করেন সাবেক এই উপদেষ্টা। তাঁর মতে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা তারল্য সংকট রয়েছে, এ কথা সত্য। কিন্তু তার বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিংয়ের ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য কিছুটা সুবিধা দেওয়া হয়েছে। সেটিকে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরই বিনিয়োগে এগিয়ে আসা উচিত। এখন তালিকাভুক্ত অনেক কোম্পানির শেয়ারের মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ১০-এর নিচে রয়েছে। এর পরও যদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগে এগিয়ে না আসে, তাহলে কখন আসবে?