শেয়ারবাজারে আস্থার সংকট নেই বলে দাবি করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল সোমবার প্রথম আলোতে বাজারের আস্থার সংকট নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিএসইসি অনানুষ্ঠানিক এক সংবাদ সম্মেলন করে এ দাবি করেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান দাবি করেছেন, ‘বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা নেই—এ ধরনের কথা প্রচার করা হচ্ছে, তা মোটেও সঠিক নয়।’ তবে বিএসইসির এ সংবাদ সম্মেলনের বিষয়ে বেশির ভাগ সংবাদমাধ্যমকেই আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থার সংকট নেই—বিএসইসির এমন দাবির পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছে, বিভিন্ন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে চাহিদার চেয়ে ৫, ১০ এমনকি ১৫ গুণ বেশি আবেদন পড়ছে। এটি বিনিয়োগকারীদের আস্থারই প্রকাশ।
এদিকে সোমবার প্রথম আলোতে শেয়ারবাজারে আস্থার সংকটের প্রতিবেদনের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও ২০১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়। ওই সাক্ষাৎকারে ইব্রাহিম খালেদ বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বিএসইসির চেয়ারম্যান পদে পরিবর্তন দরকার বলে মত দিয়েছেন।
এদিকে, বাজারে আস্থার সংকট নেই বলে বিএসইসি দাবি করলেও গতকালও দুই বাজারে সূচক কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৬ পয়েন্ট কমেছে। এ নিয়ে টানা চার দিন এ বাজারে সূচক কমল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ৯ পয়েন্ট। সূচক কমলেও দুই বাজারে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে।
মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের গতকালের বাজার পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, সূচকের পতনের এদিনে মূলত ছোট ও মাঝারি মূলধনি কোম্পানিগুলো দরবৃদ্ধিতে শীর্ষে ছিল। আর লেনদেনে আধিপত্য ছিল বস্ত্র ও প্রকৌশল খাতের। ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ৩৩ শতাংশই ছিল এ দুই খাতের।
আইডিএলসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাজারের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীরা উদ্দীপনা চান। কারণ, তাঁদের মধ্যে একধরনের আস্থার সংকট বিরাজ করছে। এ সংকট কাটাতে হলে উদ্দীপনা দরকার।
জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নবনির্বাচিত সভাপতি ছায়েদুর রহমান প্রথম আলোকে বলেন, বাজারে এখন একধরনের গতিহীন অবস্থা বিরাজ করছে। এর ফলে যাঁদের মধ্যে বিনিয়োগযোগ্য অর্থ রয়েছে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁদের মধ্যে দ্বিধা কাজ করছে। বাজারে শেয়ারের দাম আরও পড়ে যেতে পারে, এ মানসিক শঙ্কা থেকেই বিনিয়োগে এগিয়ে আসছেন না অনেকে। এ অবস্থায় শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা (এক্সপোজার লিমিট) সংক্রান্ত সমস্যার সমাধানে সুনির্দিষ্ট কোনো আশ্বাস পাওয়া গেলে হয়তো এ দ্বিধা বা শঙ্কা কেটে যাবে।
বিএমবিএর নবনির্বাচিত কমিটি গতকাল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় বাজারের উন্নয়নের স্বার্থে বিনিয়োগকারীদের জন্য সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য বিএসইসির পক্ষ থেকে বিএমবিএ নেতাদের প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে ঢাকার বাজারে দরবৃদ্ধিতে শীর্ষে ছিল ইনটেক। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম এদিন প্রায় ১০ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৭০ পয়সা। এ নিয়ে টানা তিন দিন স্বল্পমূলধনি এ কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে।
ঢাকার বাজারে সোমবার লেনদেনের শীর্ষে ছিল সাইফ পাওয়ারটেক। প্রায় আড়াই শতাংশ দাম বেড়ে এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল অলটেক্স ইন্ডাস্ট্রিজ। এককভাবে কোম্পানিটির ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে গতকাল। ৫৬ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২০ দিনে প্রায় দ্বিগুণ হয়েছে। চলতি মাসের ৪ তারিখে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১৭ টাকা ২০ পয়সা। আর গতকাল দিন শেষে ছিল ২৮ টাকা ৯০ পয়সা।
ডিএসইতে সোমবার দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৫১৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮৭ কোটি টাকা বেশি। লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬২০ পয়েন্টে।
চট্টগ্রামের বাজারে দিন শেষে সার্বিক সূচক কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২২৭ পয়েন্টে। লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৪ কোটি, যা আগের দিনের চেয়ে তিন কোটি টাকা বেশি।