আয় বাড়ার খবরে মূল্যবৃদ্ধির শীর্ষে
আয় বেড়েছে সেই খবরে বেড়েছে শেয়ারের দামও। গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে সূচক ও লেনদেন কমেছে। তার মধ্যে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস।
এদিন ওয়াটা কেমিক্যালসের মূল্যবৃদ্ধির পেছনে কারণ ছিল কোম্পানিটির আয় বৃদ্ধির খবর। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে আর্থিক বছরের প্রথম প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর-২০১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করা হয়েছে। তাতে তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ১ টাকা ২৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র ৫৮ পয়সা। অর্থাৎ এক বছরে ইপিএস ৬৯ পয়সা বেড়েছে।
ইপিএস বৃদ্ধির খবরে গতকাল ডিএসইতে ওয়াটা কেমিক্যালের প্রতিটি শেয়ারের দাম ১২ টাকা ২০ পয়সা বা প্রায় সাড়ে ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭২ টাকা ৩০ পয়সায়। ডিএসইর তথ্য অনুযায়ী, তিন দিন ধরেই কোম্পানিটির শেয়ারের দাম ছিল ঊর্ধ্বমুখী। ৬ ডিসেম্বর প্রতিটি শেয়ারের দাম ছিল ১৫৫ টাকা। পরের তিন কার্যদিবসে প্রতিটি শেয়ারের দাম ২২ টাকার বেশি বেড়েছে।
ডিএসইতে গতকাল ওয়াটা কেমিক্যালসের প্রায় দুই কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানতে কোম্পানিটির ওয়েবসাইটে খোঁজ করেও এ প্রতিবেদনটি সেখানে পাওয়া যায়নি।
এদিকে, ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট। কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ১০ পয়সা বা প্রায় আড়াই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৬ টাকায়। এদিন লেনদেনের পরিমাণ ছিল ২৩ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় পৌনে ৩ শতাংশ।
তবে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬১ পয়েন্টে। এদিন
মোট লেনদেন হয় ৮২৪ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ৩২৬ কোটি টাকা কম।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি এদিন ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৮২ পয়েন্টে। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৭ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা কম।