ইতিবাচক ধারায় বিশ্ব শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরো জোনের নেতারা গ্রিসকে অর্থনৈতিক পুনরুদ্ধারে (বেইল আউট) সহায়তা দিতে রাজি হওয়ায় ইউরোপ ও এশিয়ার বড় পুঁজিবাজারগুলোতে ইতিবাচক প্রভাব পড়েছে।
লন্ডন স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক এফটিএসই ১০০ সূচক গতকাল সোমবার লেনদেনের শুরুতেই দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। একইভাবে জার্মানির ড্যাক্স ১ দশমিক ৪ শতাংশ এবং ফ্রান্সের সিএসি ৪০ সূচক ১ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।
ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক গ্রিসের জন্য তৃতীয় অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ (বেইল আউট) অনুমোদনের তথ্যটি নিশ্চিত করার পরপরই শেয়ারবাজার চাঙা হয়ে ওঠে।
আবার ইউরোপিয়ান কমিশনের (ইসি) প্রেসিডেন্ট জঁ-ক্লদ ইয়ুংকার বলেছেন, ‘ইউরোজোন থেকে বেরিয়ে যাচ্ছে না গ্রিস।’ সংকট সমাধানে গ্রিস সরকার ও দেশটির আইন পরিষদ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইউরোপের মতো এশিয়ার বেশির ভাগ শেয়ারবাজারেও গতকাল মূল্যসূচক বেড়েছে। জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জের সূচক নিক্কি ২২৫ বেড়েছে দেড় শতাংশ, অস্ট্রেলিয়ার সিডনির এএসএক্স সূচক দশমিক ৬৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ১ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ২ দশমিক ২৮ শতাংশ। হংকংয়ের পুঁজিবাজারেও তেজিভাব লক্ষ্য
করা গেছে।
তবে পুঁজিবাজার ঘুরে দাঁড়ালেও ইউরোপের ১৯টি দেশের সমন্বয়ে গঠিত ইউরো জোনের অভিন্ন মুদ্রা ইউরোর দরপতন অব্যাহত
রয়েছে। মার্কিন ডলারের বিপরীতে গতকাল ইউরো দর হারিয়েছে দশমিক ৬ শতাংশ। ব্রিটিশ পাউন্ডের বিপরীতেও ইউরোর দাম কমেছে ১ শতাংশের বেশি।
ইউরো জোনের প্রধান পুঁজিবাজারের সূচক ইউরো স্টকস ৫০ সূচক বেড়েছে ২ শতাংশ। ইউরো স্টকসের সূচকে এ প্রবৃদ্ধি গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
বিশেষ করে গতকাল ব্যাংক খাতের শেয়ারের দাম বেড়েছে। অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজ-সংক্রান্ত আলোচনায় ঋণদাতাদের সঙ্গে গ্রিসের দর-কষাকষির কারণে গত দুই সপ্তাহে সবচেয়ে বেশি কমেছে ব্যাংকের শেয়ারের দাম। গতকাল জার্মান বহুজাতিক ডয়েচ ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩ শতাংশ।
ফ্রান্সের বহুজাতিক ব্যাংক বিএনপি পারিবাসের গবেষণা বিভাগের প্রধান ফিলিপ গিজসেলস বিবিসিকে বলেন, ‘বাজারের জন্য সুখবর হলো সংকট মোকাবিলায় একটি চুক্তি হয়েছে। আরেকটি ইতিবাচক দিক হলো, সমস্যা সমাধানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের আন্তরিক বলেই মনে হচ্ছে। তবে যেসব প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে, সেগুলো কতটুকু বাস্তবায়ন হবে সেই ঝুঁকি থেকেই যাচ্ছে। সূত্র: বিবিসি, রয়টার্স