ইতিবাচক প্রবণতা অব্যাহত পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ বুধবার শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। গতকালের ধারাবাহিকতায় আজ বুধবারও দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেনও বেড়েছে দুই বাজারে।

ডিএসইতে ৬৩৬ কোটি টাকার লেনদেন
দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৬৬৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। একপর্যায়ে সূচক ৪৪ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমলেও ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকে।

আজ ডিএসইতে ৩০৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৩টির দাম বেড়েছে, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৬৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১৪ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৫২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে লেনদেনে শীর্ষে বেক্সিমকো
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে বেক্সিমকো। আজ প্রতিষ্ঠানটির ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, এমজেএল বিডি, এসিআই, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বাংলাদেশ, রেনাটা, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা প্রভৃতি।

সিএসইতে ৫৯ কোটি টাকার লেনদেন
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৪১৯ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৭টির দাম বেড়েছে। কমেছে ১১১টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।