ইতিবাচক প্রবণতা পুঁজিবাজারে
সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে। পাশাপাশি লেনদেন বেড়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন গতকালের চেয়ে সামান্য কমেছে।
ডিএসইতে সূচক বেড়েছে ৩৮ পয়েন্ট
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৬৪৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ইতিবাচক এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ২৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫১টির দাম বেড়েছে, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৫২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২০ কোটি টাকা বেশি। গতকাল এ বাজারে ৫০২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ১০৩ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৫৪ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯০টিরই দাম বেড়েছে। কমেছে ৯৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে হেইডেলবার্গ সিমেন্ট
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে হেইডেলবার্গ সিমেন্ট। আজ প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিঙ্গার বাংলাদেশ, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই, এসিআই ফমুর্লেশন, বেক্সিমকো, গ্রামীণফোন, এমজেএল বিডি, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, বিএসআরএম স্টিল প্রভৃতি।