ইফাদ অটোর লেনদেন শুরু কাল
দেশের পুঁজিবাজারে আগামীকাল বৃহস্পতিবার থেকে ইফাদ অটোস লিমিটেডের লেনদেন শুরু হবে। এদিন একসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন শুরু হবে। ইফাদ অটোস লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানা জানা যায়। আজ ডিএসইর ওয়েবসাইটেও এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা যায়, কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হবে। ডিএসই ও সিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড ইফাদঅটোস। ডিএসইতে কোম্পানি কোড ১৩২৩৭, সিএসইতে ১৬০৩১।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জানুয়ারি বিনিয়োগকারীদের বিও হিসাবে কোম্পানির আইপিওর শেয়ার সমন্বয় হয়েছে। গত বছরের ২৩ থেকে ২৭ নভেম্বর আইপিওর আবেদন গ্রহণ করা হয়। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ৬ ডিসেম্বর পর্যন্ত। ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠানটির আইপিও লটারির ড্র সম্পন্ন হয়।
১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা অধিমূল্যসহ (প্রিমিয়াম) প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩০ টাকা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইফাদ অটোসের প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৬ পয়সা।