শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটনের টিকে থাকা নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে কোম্পানিটির নিরীক্ষক। কোম্পানিটির ভবিষ্যৎকে বেশ উদ্বেগজনক বলেও মন্তব্য করা হয়েছে।
গত জুনে সমাপ্ত অর্থবছর শেষে কোম্পানিটির আর্থিক অবস্থা পর্যালোচনা করে এ গুরুত্বপূর্ণ মতামত দিয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠান। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটেও নিরীক্ষকের এ মতামত প্রকাশ করা হয়। যাতে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীরা এ বিষয়ে সতর্ক থাকেন।
নিরীক্ষকের মতামতে আরও বলা হয়েছে, বর্তমানে ইমাম বাটনের আর্থিক যে অবস্থা, তাতে কোম্পানিটি তার ঋণ পরিশোধেও ব্যর্থ হতে পারে। কোম্পানিটির যে উৎপাদনক্ষমতা রয়েছে, তার সর্বোচ্চ ২৩ শতাংশ পর্যন্ত ব্যবহার করা যাবে বলেও মতামত নিরীক্ষক প্রতিষ্ঠানের। এ সীমাবদ্ধতার কারণ হিসেবে বলা হয়েছে, বেশির ভাগ যন্ত্রপাতি অকেজো হয়ে পড়েছে। পাশাপাশি রয়েছে প্রতিনিয়ত বিদ্যুৎ-বিভ্রাট ও নতুন ক্রেতার অভাব।
শেয়ারধারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় এবং দুর্বল মৌলভিত্তির কারণে ‘জেড’ শ্রেণিভুক্ত হওয়া ইমাম বাটনের শেয়ারের দাম গত এক মাসে ২ টাকা ৭০ পয়সা বেড়েছে। সাম্প্রতিক সময়ে শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে কোম্পানিটির বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৬ ডিসেম্বর বিএসইসির সভায় ইমাম বাটনসহ সাতটি কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১০ টাকা ৪০ পয়সা। গতকাল দিন শেষে তা দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সায়। তবে কোম্পানির টিকে থাকা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশের পর গতকাল ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম সোয়া ২ শতাংশ বা ৩০ পয়সা কমেছে।
এদিকে গতকালের বাজারে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম বা বিবিএস। এদিন ডিএসইতে এককভাবে কোম্পানিটির প্রায় ৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। দিন শেষে ডিএসইর মোট লেনদেনের ৬ দশমিক ৩৪ শতাংশই এককভাবে ছিল এ কোম্পানির দখলে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা মবিল যমুনা লুব্রিকেন্টসের লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি টাকা।
ঢাকার বাজারে সোমবার মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম সাড়ে ৪ টাকা বা প্রায় ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ টাকায়। গত এক মাসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ১৬ টাকা বেড়েছে।
গোল্ডেন হারভেস্ট তাদের ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রাইভেট প্লেসমেন্টে বন্ড ছেড়ে ৫০ কোটি টাকা সংগ্রহ করতে যাচ্ছে কোম্পানিটি। এরই মধ্যে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির অনুমোদনও পেয়ে গেছে কোম্পানিটি। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যবসা সম্প্রসারণের খবরে বেশ কিছুদিন ধরে কোম্পানিটির শেয়ারের দামে বেশ ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
এদিকে দিনভর উত্থান-পতনের পর সূচকের ঊর্ধ্বগতি দিয়ে গতকালের লেনদেন শেষ হয়েছে ডিএসইতে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দিন শেষে প্রায় ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৮৭০ পয়েন্টে। সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ আগের দিনের ৮৩ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ৭৪১ কোটিতে।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ১৩ পয়েন্ট কমেছে। আর লেনদেন আগের দিনের চেয়ে ১ কোটি টাকা কমে দাঁড়িয়েছে প্রায় ৪৬ কোটিতে।