ঈদের আগে চাঙাভাব ধরে রাখল শেয়ারবাজার
টানা নয় দিনের ছুটির কবলে পড়েছে দেশের শেয়ারবাজার। পবিত্র কোরবানি, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে কাল শুক্রবার থেকে এই নয় দিনের ছুটি থাকছে শেয়ারবাজারে। ছুটির আগের দিন আজ বৃহস্পতিবার চাঙাভাবের মধ্যে শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১ দশমিক ৬৪ শতাংশ বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ১ দশমিক ৪০ শতাংশ।
ডিএসইতে সূচক বেড়েছে ৮৪ পয়েন্ট
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,২৩৭ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫১টিরই দাম বেড়েছে, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৯৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪০ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৯৭৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ২২৪ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ১২৬ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৩টিরই দাম বেড়েছে। কমেছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৬০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০ কোটি টাকা বেশি। গতকাল সিএসইতে ৫০ কোটি টাকার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে তিতাস গ্যাস
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে তিতাস গ্যাস। আজ প্রতিষ্ঠানটির ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, স্কয়ার ফার্মা, ফ্যামিলি টেক্স, গ্রামীণফোন, এমজেএল বিডি, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, যমুনা অয়েল, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, প্রভৃতি।