ঈদের পরেও চাঙাভাব শেয়ারবাজারে
পবিত্র ঈদুল আজহা, দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি সব টানা নয় দিনের ছুটি শেষে আজ রোববার দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে। ছুটি শেষে প্রথম কর্মদিবসে চাঙাভাব লক্ষ করা গেছে শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। তবে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের (২ অক্টোবর) চেয়ে লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য বেড়েছে।
ডিএসইতে সূচক বেড়েছে ৯৬ পয়েন্ট
দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৩৩৪ পয়েন্টে। এর আগে আজ সকালে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪৬টির দাম বেড়েছে, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৯১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম। ২ অক্টোবর এ বাজারে ৯৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক বেড়েছে ৩২৯ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৪৫৫ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৭টির দাম বেড়েছে। কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ৬০ কোটি টাকার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে সামিট পাওয়ার
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে রয়েছে সামিট পাওয়ার। আজ প্রতিষ্ঠানটির ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাস, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, কেপিসিএল, এমজেএল বিডি, সিটি ব্যাংক, এনবিএল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রভৃতি।