লেনদেন ও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আরেকটি বছর শেষ করল দেশের শেয়ারবাজার। বছরের শেষ কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৫৮ পয়েন্ট।
সাধারণত বছরের শেষ দিনে ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারও বন্ধ থাকে। কিন্তু এ বছর ৩১ ডিসেম্বর ব্যাংক ছুটি বাতিল হওয়ায় শেয়ারবাজারেও এদিন স্বাভাবিক লেনদেন হয়েছে।
বছর শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্সের অবস্থান দাঁড়ায় ৪ হাজার ৬৩০ পয়েন্ট। আর সিএসইর সার্বিক সূচক ১৪ হাজার ৯০ পয়েন্টে বছর শেষ করেছে। এ দুটি অবস্থান থেকে আগামী রোববার উভয় শেয়ারবাজারে নতুন বছরের লেনদেন শুরু হবে।
এদিকে, সূচক বাড়লেও গতকাল ঢাকার বাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানিরই শেয়ারের দরপতন ঘটেছে। ডিএসইতে এদিন ৩২৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম কমেছে ১৪১টির, বেড়েছে ১৩৩টির আর অপরিবর্তিত ছিল ৫০টির। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৩৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৬৭ কোটি টাকা বেশি।
ঢাকার বাজারে গতকাল লেনদেন ও মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল এমারেল্ড অয়েল। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩ টাকা ৭০ পয়সা বা ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকায়। কোম্পানিটির প্রায় ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০১৫ সালে মূল্যবৃদ্ধির শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় ছিল এটি। এক বছরে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৯০ শতাংশ বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রামের বাজারে বছরের শেষ দিনে গতকাল ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম কমেছে ১০৮টির, বেড়েছে ৯০টির আর অপরিবর্তিত ছিল ৩০টির। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেশি।