উত্থানে শুরু, পতনে শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ইতিবাচক প্রবণতায় আজ মঙ্গলবার শুরুতে শেয়ারবাজারে লেনদেন চললেও নিম্নমুখী প্রবণতায় তা শেষ হয়েছে। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক কমেছে। পাশাপাশি লেনদেনও কমেছে দুই বাজারে।


ডিএসইতে সূচক কমেছে ৩৮ পয়েন্ট

দিনের লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫২৬ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সূচক ৪১ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৪টির দাম বেড়েছে, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৬৮১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০৯ কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৭৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।


ডিএসইতে লেনদেনে শীর্ষে এমজেএল বিডি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল এমজেএল বিডি। আজ এ প্রতিষ্ঠানের ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসিসিএল, অ্যাকটিভ ফাইন, বিএসসি, অ্যাপোলো ইস্পাত, বেক্সিমকো, গোল্ডেন সন প্রভৃতি।


সিএসইতে সূচক কমেছে ১০৫ পয়েন্ট

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৫৩ পয়েন্টে।

সিএসইতে আজ ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৪টির দাম বেড়েছে, কমেছে ১২১টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

সিএসইতে আজ ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা কম। গতকাল এ বাজারে ৫৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।