উত্থানের ধারা অব্যাহত আছে শেয়ারবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের উত্থানে লেনদেন হচ্ছে শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টকএক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৪ পয়েন্ট। অন্যদিকে শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৯৯ পয়েন্ট।

করোনার সংক্রমণ প্রতিরোধে গত ২৩ জুলাই থেকে দেশব্যাপী চালু রয়েছে কঠোর বিধিনিষেধ। বিধিনিষেধের আওতায় প্রতি রবি ও বুধবার ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। সেই সঙ্গে সপ্তাহের এই দুদিন বন্ধ থাকছে শেয়ারবাজারের কার্যক্রম। সে হিসাবে গতকাল বুধবার বন্ধ ছিল শেয়ারবাজারের লেনদেন।

আজ সকাল থেকে লেনদেনের গতি বেশ ভালো। ডিএসইতে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ১ হাজার ৪০৩ কোটি টাকার। এ সময় পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৫টির, কমেছে ১০০টির ও অপরিবর্তিত আছে ৩৯টির দর।

গত মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৬ হাজার ৫৩৫ পয়েন্টে। ওই দিন ২ হাজার ৩১৪ কোটি টাকার লেনদেন হয়।