শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের উৎপাদন কার্যক্রম গত জুন মাস থেকে বন্ধ রয়েছে। অথচ কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার প্রায় দেড় মাস পর সেই তথ্য জেনেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে গতকাল বুধবার এমারেল্ড অয়েল কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৭ জুন থেকে কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। যন্ত্রপাতির বার্ষিক মেরামতকাজের কারণে উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ আছে বলে কোম্পানিটি জানায়।
কিন্তু মাস দেড়েক ধরে এমারেল্ড অয়েলের উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলেও তা স্টক এক্সচেঞ্জসহ শেয়ারধারীদের জানানো হয়নি। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে কোম্পানিটির উৎপাদন বন্ধ হওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি জানতে চেয়ে চিঠি দেয় ডিএসই।
এমারেল্ড অয়েলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রতিবছর যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণে ৩৫ থেকে ৪০ দিন সময় লাগে। কিন্তু চলতি বছর বর্ষার কারণে তা কিছুটা বিলম্বিত হয়েছে। ২০ আগস্ট থেকে আবার উৎপাদন কার্যক্রম শুরু হবে।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এই কোম্পানি। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ছেড়ে এটি বাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করে। কোম্পানিটির মালিকদের বিরুদ্ধে বেসিক ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। ওই মামলায় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হাসিবুল গণি গালিব জেলও খেটেছেন।
এদিকে উৎপাদন বন্ধ থাকলেও কোম্পানিটির শেয়ারের দামে প্রভাব পড়েনি। গতকাল বুধবার ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ৩৭ টাকা ৬০ পয়সায়।
বাজার পরিস্থিতি: ঢাকার বাজারে গতকাল লেনদেন আবারও ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে বাজারের সূচকও খানিকটা বেড়েছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৫ পয়েন্ট। ডিএসইতে এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫০৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭৯ কোটি টাকা বেশি।