বিদ্যুৎ-বিভ্রাটের কারণে সম্প্রসারিত কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু করা যাচ্ছে না। তার ওপর বাধাগ্রস্ত হচ্ছে নিয়মিত উৎপাদন কার্যক্রমও। ভবিষ্যতে যার নেতিবাচক প্রভাব পড়তে পারে কোম্পানির আয়ে। তা সত্ত্বেও শেয়ারবাজারে সুহৃদ ইন্ডাস্ট্রিজের শেয়ারের টানা দাম বাড়ছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী ২১ নভেম্বর থেকে কোম্পানিটির শেয়ারের টানা দাম বাড়তে থাকে। ওই দিন বাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৮ টাকা ৩০ পয়সা। আর গতকাল দিন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ টাকা ৫০ পয়সা। চার কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১ টাকা ২০ পয়সা বেড়েছে।
২০১৬ সালে সমাপ্ত আর্থিক বছরের জন্য কোম্পানিটি শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। ২০১৫ সালেও শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। এ কারণে চলতি বছরের শুরুতে কোম্পানিটিকে ‘এ’ শ্রেণি থেকে ‘জেড’ শ্রেণিতে স্থানান্তর করা হয়। শেয়ারবাজারে দুর্বল মৌলভিত্তির কোম্পানিগুলোকেই ‘জেড’ শ্রেণিভুক্ত করা হয়। এ শ্রেণির শেয়ার ক্রয়ে ঋণ পাওয়া যায় না। লেনদেন নিষ্পত্তিতেও নয় দিন লাগে। এ বিধান করা হয়েছে বিনিয়োগকারীরা যাতে ‘জেড’ শ্রেণির শেয়ার লেনদেনে আগ্রহী না হন। কিন্তু সুহৃদ ইন্ডাস্ট্রিজের বেলায় ঘটছে উল্টোটা।
লভ্যাংশ দিতে তো পারছেই না, চলতি আর্থিক বছরের প্রথম প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে মাত্র এক পয়সা। আর তাতে চার দিন ধরে একটানা দর বাড়ছে এ কোম্পানির শেয়ারের। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোম্পানির যে অবস্থা, তাতে বিশেষ কারও আগ্রহ ছাড়া এটির শেয়ারের প্রতি সাধারণ বিনিয়োগকারীর আগ্রহ তৈরি হওয়ার যুক্তিসংগত কোনো কারণ নেই।
এদিকে সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যমে কোম্পানিটিকে নিয়ে খবর প্রকাশ হয়। তার সূত্র ধরে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানির কাছে এ বিষয়ে জানতে চেয়ে চিঠি দেয়। তার জবাবে কোম্পানিটি জানিয়েছে, লোডশেডিংয়ের কারণে কোম্পানিটির উৎপাদনপ্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।