ঊর্ধ্বমুখী দুই পুঁজিবাজারের সূচক
দুই দিন দর পতনের পর আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকালের মতো দৈনন্দিন লেনদেনের গতি বেশ ভালো ডিএসইতে। অন্যদিকে, সূচক বাড়লেও লেনদেনের গতি কম সিএসইতে।
এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে দুই পুঁজিবাজারে।
ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ২৬ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৭১ পয়েন্টে। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ ৩৩৭ কোটি টাকা। গত কার্যদিবসে এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩৩৯ কোটি ৯৪ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ৮২টির। দর অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির।
সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৪৮ দশমিক ৮০ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে সাড়ে ১৫ কোটি টাকা। গত কার্যদিবসে এ সময় পর্যন্ত লেনদেন হয় ১৭ কোটি ৮২ লাখ টাকা। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৯০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৬৯টির। দর অপরিবর্তিত ২০টির।