ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত ঢাকার পুঁজিবাজারে
ঊর্ধ্বমুখী ধারায় আছে ঢাকার পুঁজিবাজার। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ডিএসইএক্স সূচক বেড়েছে ১৮ পয়েন্ট। অবস্থান করছে ৪৫৫২ পয়েন্টে। এ নিয়ে টানা দুই কার্যদিবস সূচক বাড়ল ডিএসইতে।
পুঁজিবাজার বিশ্লেষকেরা বলছেন, বর্তমান বাজারে কয়েক দিন সূচক পড়লে আবার কয়েক দিন সূচক কিছুটা বাড়তে দেখা যায়। অর্থাৎ খুব বেশি পরিবর্তন হচ্ছে না। আজকে ডিএসইতে জ্বালানি খাত ও বড় মূলধনি কোম্পানির শেয়ারের দর বাড়ায় সূচক কিছুটা বাড়তে দেখা গেছে। তা ছাড়া জুন অর্থবছর শেষে বেশ কিছু কোম্পানি লভ্যাংশ ঘোষণা করবে, যার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে বাজারে।
ডিএসইতে আজ গত কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ। আজ লেনদেন হয়েছে ৪৪০ কোটি ৮৩ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৭৭ কোটি ৭২ লাখ টাকা।
হাতবদল হওয়া ৩২৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৯৪টির, অপরিবর্তিত আছে ৪৫টির দর।