ঊর্ধ্বমুখী সূচক, লেনদেনের গতি ভালো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন পরেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ডিএসইতে প্রথম দুই ঘণ্টায় লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। গতকাল রোববার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক সামান্য কমে।

অন্যদিকে, সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে সঙ্গে লেনদেনের ভালো গতি আছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

এ ছাড়া প্রথম দুই ঘণ্টায় বেশির ভাগ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে দুই পুঁজিবাজারেই।

ডিএসইতে আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৭২ পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে ৪৮৪০ পয়েন্ট। দুপুর সাড়ে ১২টা নাগাদ লেনদেনের পরিমাণ প্রায় ৪২৩ কোটি ৭২ লাখ টাকা। গতকাল এই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩৯৮ কোটি টাকা। দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ৯১টির। দর অপরিবর্তিত রয়েছে ৬৩টি কোম্পানির।

সিএসইতে দুপুর সাড়ে ১২টা নাগাদ সার্বিক সূচক বেড়েছে ৩৯ দশমিক ১৯ পয়েন্ট। মোট লেনদেন ছাড়িয়েছে ২৩ কোটি ৮০ লাখ টাকা। গত কার্যদিবস এই সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২০ কোটি টাকা। প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৬৭টির। দর অপরিবর্তিত ২৭টির।