এক কোম্পানির আইপিও অনুমোদন, তিনটির বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটি আইপিওতে দেড় কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। গতকাল বৃহস্পতিবার বিএসইসির কমিশন সভায় কোম্পানিটির আইপিওর অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়া বিএসইসির একই সভায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালকদের বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা করা হয়। তবে তিন কোম্পানির স্বতন্ত্র ও মনোনীত পরিচালকদের এ জরিমানার আওতামুক্ত রাখা হয়েছে। কোম্পানি তিনটি হলো বেঙ্গল ফাইন সিরামিকস, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস এবং ফু-ওয়াং ফুডস। 

বিএসইসি জানিয়েছে, নাহী অ্যালুমিনিয়াম আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্য বা ফেস ভ্যালুতে প্রতিটি শেয়ার বিক্রি করবে। দেড় কোটি শেয়ার বিক্রি করে বাজার থেকে যে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে তা দিয়ে ঋণ পরিশোধ, যন্ত্রপাতি ক্রয় ও নতুন ভবন নির্মাণ করা হবে। ২০১৬ সালের জুনে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেনকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

এদিকে সময়মতো ২০১৪ ও ২০১৫ সালের আর্থিক প্রতিবেদন দাখিল না করায় ওটিসি বাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল ফাইন সিরামিকসের প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ২০১৪ সালের আর্থিক হিসাব বিবরণীতে যথাযথ হিসাব মান অনুসরণ না করায় মূল বাজারে তালিকাভুক্ত প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের প্রত্যেক পরিচালককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়। বিএসইসি বলছে, যথাযথ হিসাব মান অনুসরণ না করায় কোম্পানিটির মুনাফা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) বাড়িয়ে দেখানো হয়েছে। এতে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়েছেন।

এর বাইরে ফু-ওয়াং ফুডসের ২০১৪ সালের আর্থিক বিবরণীতে আর্থিক অনিয়ম পাওয়ায় কোম্পানিটির প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি। সম্প্রতি এ কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি ঘটে ঢাকার শেয়ারবাজারে। এক মাসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় ৭ টাকা।

এদিকে সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল উভয় স্টক এক্সচেঞ্জেই মূল্যসূচক কমেছে। তবে লেনদেন বেড়েছে দুই বাজারেই। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৫ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচকটি এদিন প্রায় ১৫ পয়েন্ট কমেছে।

ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের শীর্ষে উঠে আসে মার্কেন্টাইল ব্যাংক। তবে লেনদেনের শীর্ষে থাকলেও কমেছে দাম। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৮০ পয়সা বা প্রায় সাড়ে ৩ শতাংশ কমেছে। আর এককভাবে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় সাড়ে ৩২ কোটি টাকা।

লেনদেনের দিক থেকে গতকাল ঢাকার বাজারে দ্বিতীয় অবস্থানে ছিল টেলিকম খাতের তালিকাভুক্ত একমাত্র কোম্পানি গ্রামীণফোন। এদিন ডিএসইতে কোম্পানিটির প্রায় ২৭ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম প্রায় ৪ টাকা বা এক শতাংশ বেড়েছে।

ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭১৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৭৪ কোটি টাকা বেশি। আর চট্টগ্রামের বাজারে এদিন লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা বেশি।