এক দিন পর আবারও নিম্নমুখী শেয়ারবাজার
এক দিন ইতিবাচক প্রবণতার পর আজ বুধবার আবারও নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। আজ লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। সেই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক গতকাল মঙ্গলবারের চেয়ে ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৫২ পয়েন্টে। এর আগে মঙ্গলবার ডিএসইতে সূচক বেড়েছিল প্রায় ২২ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্যসূচক ৯১ পয়েন্ট বেড়েছিল।
ডিএসইতে আজ ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৫ টির দাম বেড়েছে। কমেছে ১৩৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
অন্যদিকে সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দাম বেড়েছে। কমেছে ১৩২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের দাম।
সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে দুই স্টক এক্সচেঞ্জে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩০ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ৯০ কোটি টাকা কম। গতকাল এই স্টক এক্সচেঞ্জে ৭২০ কোটি টাকার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে ৫১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম। গতকাল মঙ্গলবার সিএসইতে ৫৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষ অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। আজ এ প্রতিষ্ঠানটির ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, খুলনা পাওয়ার কোম্পানি, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, এমজেএল বিডি, ফ্যামিলি টেক্স, ইউনাইটেড এয়ার, ফার কেমিক্যাল, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রভৃতি।