এক দিন পরই সূচক বেড়েছে পুঁজিবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেনদেন শেষে সূচক সামান্য বেড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন কমেছে ডিএসইতে। অন্যদিকে, সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শেষে সূচক কমে দুই পুঁজিবাজারে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ কমে। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচকটিও গতকাল এক দিনে ১৯০ পয়েন্ট বা ১ শতাংশ কমে। গতকালের দরপতনে ছিল ব্যাংক খাতের বড় ভূমিকা। লেনদেন হওয়া বেশির ভাগ ব্যাংকের শেয়ারের দাম কমায় তা দিন শেষে সূচকে নেতিবাচক প্রভাব ফেলে।

লেনদেন শেষে ডিএসইতে আজ ডিএসইএক্স ৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০১৩ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৫০২ কোটি ৯৬ কোটি টাকা। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৬২০ কোটি ১৩ কোটি টাকা। আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৪টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত আছে ৪১টির দর। ডিএসইতে আজ সর্বাধিক লেনদেনর তালিকায় ব্যাংক খাতের শেয়ারের প্রাধান্য লক্ষ করা গেছে।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হলো উত্তরা ব্যাংক লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সিম ব্যাংক লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট, আমরা নেটওয়ার্কস লিমিটেড, ইফাদ অটোজ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও লঙ্কা বাংলা ফাইন্যান্স।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজ সার্বিক সূচক বেড়েছে ৩৭ পয়েন্টের বেশি।