এক দিনে বন্ধ ৩০ কোম্পানির লেনদেন

১৭ নভেম্বর, বৃহস্পতিবার। ক্যালেন্ডারের পাতার অন্য দিনগুলোর মতোই স্বাভাবিক একটি তারিখ। এই স্বাভাবিক দিনটিই দেশের শেয়ারবাজারের জন্য একটি বিশেষ উল্লেখযোগ্য দিন হয়ে উঠতে যাচ্ছে। এই দিনে একসঙ্গে ৩০টি কোম্পানির লেনদেন বন্ধ থাকবে। নিকট অতীতে এক দিনে এত অধিকসংখ্যক তালিকাভুক্ত কোম্পানির লেনদেন বন্ধের ঘটনা ঘটেনি।
এমন খবরে হয়তো আঁতকে উঠতে পারেন বিনিয়োগকারীরা। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। না, বিষয়টি দুশ্চিন্তায় পড়ার মতো নয়। তালিকাভুক্তির নিয়ম মানতে গিয়েই এ বছর ঘটনাটি ঘটতে যাচ্ছে। শেয়ারের মালিকানা নির্ধারণের জন্য ঘোষিত রেকর্ড ডেটের কারণে ১৭ নভেম্বর ৩০টি কোম্পানির লেনদেন বন্ধ থাকবে, যা গত কয়েক বছরের মধ্যে ঘটেনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর যেসব কোম্পানির লেনদেন বন্ধ থাকবে, সেগুলো হলো ঝিলবাংলা সুগার মিলস, শ্যামপুর সুগার মিলস, রেনউইক যজ্ঞেশ্বর, আরামিট লিমিটেড, আরামিট সিমেন্ট, হাক্কানি পাল্প, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এম আই সিমেন্ট, হা ওয়েল টেক্সটাইল, লঙ্কাবাংলা ফিন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, আমান ফিড, প্রাণ (এএমসিএল), রংপুর ফাউন্ড্রি, বেঙ্গল উইন্ডসর, ইয়াকিন পলিমার, ন্যাশনাল পলিমার, বাংলাদেশ অটো কারস, সায়হাম কটন, ইফাদ অটোস, জাহিন স্পিনিং, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ফুডস, অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস, বারাকা পাওয়ার, স্ট্যান্ডার্ড সিরামিক, বিডিকম অনলাইন, তিতাস গ্যাস, লিবরা ইনফিউশনস ও দেশ গার্মেন্টস।
জানা গেছে, এর আগে ২০১৫ সালের ২১ মে রেকর্ড ডেটের কারণে এক দিনে একসঙ্গে তালিকাভুক্ত ২১টি কোম্পানির লেনদেন বন্ধ ছিল। আর ২০১৪ সালের ১৫ মে এক দিনে ১৩টি কোম্পানির লেনদেন বন্ধ ছিল। সেই হিসাবে গত কয়েক বছরের মধ্যে ১৭ নভেম্বর সর্বোচ্চ ৩০টি কোম্পানির লেনদেন বন্ধ থাকবে।
একসঙ্গে ৩০টি কোম্পানির লেনদেন বন্ধের প্রভাব পড়বে বাজারে। সেই প্রভাবটি কেমন হতে পারে, জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন মোহাম্মদ মুসা প্রথম আলোকে বলেন, একসঙ্গে এতগুলো কোম্পানির লেনদেন এক দিনে বন্ধ থাকলে অবশ্যই এর নেতিবাচক একটি প্রভাব বাজারে পড়বে। যেদিন লেনদেন বন্ধ থাকবে, সেদিন যেমন সূচকে একধরনের প্রভাব পড়বে, তেমনি তার আগের কয়েক দিনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
মোহাম্মদ মুসা বলেন, যেসব কোম্পানি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রেকর্ড ডেটের আগে, সেসব কোম্পানির শেয়ারের বিক্রির চাপ বেড়ে যেতে পারে। কারণ, অনেক বিনিয়োগকারী নগদ লভ্যাংশের ওপর আরোপিত কর এড়াতে রেকর্ড ডেটের আগে শেয়ার বিক্রি করে দিতে পারেন।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৭ নভেম্বর যে ৩০টি কোম্পানির রেকর্ড ডেট রয়েছে, তার মধ্যে ২১টি কোম্পানিই নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
তালিকাভুক্তির নিয়ম অনুযায়ী, কোনো কোম্পানি যখন লভ্যাংশ ঘোষণা করে, তখন শেয়ারধারীদের মধ্য থেকে ওই লভ্যাংশ পাওয়ার আইনত দাবিদার নির্ধারণে একটি রেকর্ড ডেট ঘোষণা করা হয়। সেদিন লেনদেন বন্ধ থাকে কোম্পানিটির। ওই দিন যাঁদের হাতে কোম্পানিটির শেয়ার থাকে, কেবল তাঁরাই ঘোষিত লভ্যাংশ পাওয়ার আইনত দাবিদার হিসেবে তালিকাভুক্ত হন।
এ বছর রেকর্ড ডেটের কারণে এক দিনে একসঙ্গে ৩০টি কোম্পানির লেনদেন বন্ধের ঘটনা তৈরি হওয়ার জন্য সরকারের একটি সিদ্ধান্তকে প্রধান কারণ বলে মনে করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্যাংক ও আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি বাদে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বছর (জুলাই-জুন) অভিন্ন করার নির্দেশ দেওয়া হয়। সরকারি সেই সিদ্ধান্ত পরিপালন করতে তালিকাভুক্ত অনেক কোম্পানিকে আর্থিক বছর পরিবর্তন করতে হচ্ছে। এ কারণে এক দিনে এতগুলো কোম্পানির রেকর্ড ডেট পড়েছে বলে মনে করেন পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ মুসা।
ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, কম হোক আর বেশি হোক, তালিকাভুক্ত কোম্পানির প্রতিদিনই কিছু না কিছু লেনদেন হয়। সেখানে এক দিনে ৩০টি কোম্পানির লেনদেন বন্ধ থাকলে বাজারের সার্বিক লেনদেনও কমে যাওয়ার আশঙ্কা বেশি ওই দিন।
ডিএসইর নিয়ম অনুযায়ী, রেকর্ড ডেটের আগে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন হয়। এর মধ্যে জেড শ্রেণিভুক্ত কোম্পানির নয় দিন ও জেড শ্রেণি বাদে অন্য শ্রেণিভুক্ত কোম্পানির শেয়ার দুই দিন স্পট মার্কেটে লেনদেন হয়। সেই হিসাবে ৩০টি কোম্পানির মধ্যে সংখ্যাগরিষ্ঠের শেয়ার আজ মঙ্গলবার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। স্পট মার্কেটে নগদ অর্থে শেয়ার কেনাবেচা করতে হয়।