এক ব্রোকারেজ হাউসের পরিচালক আজীবন নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থ আত্মসাতের দায়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত এক ব্রোকারেজ হাউস বা লেনদেনে সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের (ট্রেক বা ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেটধারী) পরিচালককে আজীবন শেয়ারবাজারে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তাঁর সব বিও (বেনিফিশারি ওনার্স) হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শেয়ারবাজারে নিষিদ্ধ হওয়া শামীম আহমেদ নামের ওই ব্যক্তি সিএসইর সদস্য প্রতিষ্ঠান সিলেট মেট্রোসিটি সিকিউরিটিজের পরিচালক। গ্রাহকের অর্থ ও শেয়ার আত্মসাৎ করার দায়ে নিষেধাজ্ঞার পাশাপাশি তাঁকে ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত মঙ্গলবারের সভায় এসব ব্যবস্থা গ্রহণ করা হয়। সে সঙ্গে আত্মসাৎ হওয়া বিনিয়োগকারীদের অর্থ ও শেয়ার ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধের ব্যবস্থা নিতে সিএসইকে নির্দেশ দিয়েছে বিএসইসি। বিএসইসির নিজস্ব তদন্তে এ আত্মসাতের ঘটনার প্রমাণ মিলেছে।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোসিটি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হাসিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘অভিযুক্ত শামীম আহমেদের কাছে আমাদেরও অনেক টাকা পাওনা রয়েছে। সেসব পাওনা উদ্ধারে আমরাও তাঁর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। পুরো ঘটনা তদন্তে আমাদের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
হাসিন আহমেদ আরও জানান, অভিযুক্ত শামীম আহমেদ সিলেট মেট্রোসিটি সিকিউরিটিজের শেয়ারধারী পরিচালক। তাঁর হাতে প্রতিষ্ঠানটির পাঁচ লাখ টাকা সমমূল্যের ৫০০ শেয়ার রয়েছে। এরই মধ্যে শামীম আহমেদ পরিচালক পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। যেহেতু তাঁর সঙ্গে দেনা-পাওনার হিসাব রয়েছে তাই এখনো ওই অব্যাহতির আবেদন গ্রহণ করা হয়নি।