এক মাস পর ডিএসইতে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় এক মাস পর লেনদেন আবারও ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ডিএসইতে ৫০৩ কোটি টাকা লেনদেন হয়। এর আগে সর্বশেষ গত ২৯ জুন ঢাকার বাজারে ৫৮৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক উভয়ই কমেছে। লেনদেন বাড়লেও সূচক কমেছে ঢাকার বাজারেও। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স রোববার প্রায় ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫২৫ পয়েন্টে। চট্টগ্রামের বাজারের সার্বিক সূচকটি ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯১৭ পয়েন্টে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকার বাজারে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের বিপুল লেনদেন। এদিন ব্লক মার্কেটে ১০৪ কোটি টাকায় কোম্পানিটির প্রায় সোয়া তিন কোটি শেয়ারের হাতবদল হয়। সাধারণত ব্লক মার্কেটে শেয়ার লেনদেনের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা আগের নির্ধারিত করা থাকে। এমনকি দরদামও ঠিক করা থাকে। ব্লক মার্কেটে গতকাল ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ৩২ টাকায়।
ঢাকার বাজারে গতকাল ৩২৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৬টিরই দাম আগের দিনের চেয়ে কমেছে, বেড়েছে ১০১টির আর অপরিবর্তিত ছিল ৪৮টির দাম।
সিএসইতে এদিন ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫৭টিরই দাম কমেছে, বেড়েছে ৬৮টির আর অপরিবর্তিত ছিল ২৭টির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৪ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ১৮ কোটি টাকা কম।