এক যুগ ধরে শুধু বৈঠকই হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার চায় পুঁজিবাজারে ভালো সিকিউরিটিজের সরবরাহ বাড়ুক এবং সরকারি মালিকানাধীন কোম্পানিগুলো বাজারে তালিকাভুক্ত হোক। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) এটা চায়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজে চান, আর বিনিয়োগকারীরা তো চানই।

কিন্তু কারও চাওয়াতেই কিছু আসে-যায় না, যতক্ষণ না এ ব্যাপারে রাজি হচ্ছেন আমলা অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা। আর এভাবেই সরকারের একটি শুভ উদ্যোগ প্রায় এক যুগ ধরে ঘুরপাক খাচ্ছে শুধু অর্থ মন্ত্রণালয় আয়োজিত একের পর এক বৈঠকে। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সভাপতিত্বে ২০০৫ সালের ৩১ আগস্ট অনুষ্ঠিত প্রথম বৈঠকটির পর ‘পুঁজিবাজারে ভালো সিকিউরিটিজের সরবরাহ বৃদ্ধির উদ্দেশ্যে সরকারি কোম্পানির শেয়ার ছাড়া কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি’ নিয়ে প্রতিবছর এক থেকে দুটি করে আন্তমন্ত্রণালয় বৈঠক হয়ে আসছে।

তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ বিষয়ে সর্বশেষ বৈঠক। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী কোনো ব্রিফ করেননি।

বৈঠক সূত্রে জানা গেছে, সরকারি কোম্পানির শেয়ার ছাড়ার বিষয়ে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে প্রধান করে গতকাল একটি কমিটি করার সিদ্ধান্ত দিয়েছেন অর্থমন্ত্রী। সংশ্লিষ্ট সংস্থা বা দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিতব্য এ কমিটি আগামী এক বছরের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করবে।

জানা গেছে, ২০০৫ থেকে এ পর্যন্ত ২০ দফা বৈঠকে ১০ দফা সময় দেওয়া হয়েছে। কিন্তু বৈঠকে কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীরা উপস্থিত হয়েছেন শেয়ার ছাড়ার প্রস্তুতির ‘শূন্য অগ্রগতি চিত্র’ হাতে নিয়ে। গতকালও তা-ই হয়েছে।

অর্থমন্ত্রী একই বিষয়ে ২০১০ সালের ১৩ জানুয়ারি অনুষ্ঠিত বৈঠকে ২৬ সরকারি প্রতিষ্ঠানকে ছয় মাসের মধ্যে শেয়ার ছাড়ার প্রস্তুতি নিতে বলেছিলেন। ওই দিন অর্থমন্ত্রী বলেছিলেন, ‘শেয়ারবাজারে এত টাকা! সরবরাহ না বাড়ালে তো শেয়ারের দাম অহেতুক বেড়ে যাবে। আমাদের দেশেই সরকারি কোম্পানিগুলো শেয়ার ছাড়তে চায় না। এটা একধরনের নির্বুদ্ধিতা।’

বারবার সময় বাড়িয়েও আমলাদের অনীহার কারণে সরকারের উদ্যোগটি যে বাস্তব রূপ লাভ করছে না, তার প্রমাণ পাওয়া গেছে গতকালের বৈঠকে উপস্থাপিত কার্যপত্রেও। ২৬ প্রতিষ্ঠানের মধ্যে ১৪টিই হচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের আওতাধীন।

কার্যপত্রে বলা হয়, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিমিটেড, বাংলাদেশ গ্যাসফিল্ডস কোম্পানি, বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন, গ্যাস ট্রান্সমিশন, জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডটি সিস্টেম লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, সিলেট গ্যাসফিল্ডস এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি এদের একটিকেও তালিকাভুক্ত হওয়ার ব্যাপারে ইতিবাচক প্রতিবেদন দেয়নি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

ইতিমধ্যে তালিকাভুক্ত বিদ্যুৎ বিভাগের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) আরও শেয়ার ছাড়া এবং নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির শেয়ার ছাড়ার প্রস্তুতি নিতে বলা হয়েছিল। অর্থ মন্ত্রণালয়ের কার্যপত্রে বলা হয়, শেয়ার ছাড়ার কার্যক্রম নেয়নি, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও কোনো তথ্য-উপাত্তও দেয়নি কোম্পানিগুলো।

বৈঠক সূত্র জানায়, বিদ্যুৎ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন কোম্পানিগুলোর প্রতিনিধিরা গতকাল এক জোট হয়ে শেয়ার ছাড়ার বিপক্ষে অবস্থান নিয়ে এসেছিলেন। লাভজনক না হওয়ায় বাজারে আসা যাচ্ছে না বলে কোম্পানিগুলো যুক্তি দিলে বৈঠকে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বেসরকারি কোম্পানিগুলো তাহলে কীভাবে লাভ করছে—এমন প্রশ্নের মাধ্যমে পাল্টা যুক্তি দেন। এরপর তিনি আগামী এক বছরের মধ্যে কোম্পানিগুলোকে ‘ব্যবসায় পরিকল্পনা’ তৈরির নির্দেশ দেন।

শেয়ার ছাড়তে ২০০৫ সালে ৬২টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছিল। এরপর তিতাস গ্যাস, ডেসকোসহ পাঁচটি কোম্পানি তালিকাভুক্ত হয়। আওয়ামী লীগ সরকার ২০১০ সালে এসে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য রাখে ২৬টিকে।