বিবাদীপক্ষের আইনজীবীর জেরার মুখে একপর্যায়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বললেন, ‘দুপুরে তেমন কিছু খাওয়া হয়নি। খুব ক্লান্তবোধ করছি।’ এ সময় আদালতের কাছে তিনি অনুরোধ করেন, যদি সম্ভব হয় আদালতে উপস্থিত হওয়া থেকে যেন মুক্তি দেওয়া হয়।
পুঁজিবাজারের মামলা নিষ্পত্তির জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবিরের কাছে এভাবেই নিজের আবেদন জানান ’৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির সদস্য অধ্যাপক এ টি এম জহুরুল হক। শরীরে তাঁর বয়স ও বার্ধক্যের ছাপ স্পষ্ট। সরকারের আহ্বানে ’৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির ঘটনার তদন্তে এগিয়ে এসেছিলেন তিনি।
ঢাকার পুরানা পল্টনের বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ভবনে অবস্থিত বিশেষ ট্রাইব্যুনালে গতকাল প্রথমবারের মতো সাক্ষ্য দেন জহুরুল হক।
১৯৯৬ সালের চিটাগাং সিমেন্ট ক্লিংকার কোম্পানির শেয়ার কেলেঙ্কারির মামলায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দায়ের করা মামলায় সাক্ষী জহুরুল হক। এ মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান টি কে গ্রুপের চেয়ারম্যান আবু তৈয়ব, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি রকিবুর রহমান ও সাবেক পরিচালক শহিদুল হক বুলবুল। বিচারিক কার্যক্রম চলাকালে গতকাল রকিবুর রহমান ও শহিদুল হক আদালতে উপস্থিত ছিলেন।
আদালতে গতকাল সাক্ষ্যদান ও জেরার প্রায় পুরোটা সময় সাক্ষীর কাঠগড়ায় চেয়ারে বসেই বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধ্যাপক জহুরুল হক। এদিন প্রথমে তাঁকে জেরা করেন এ মামলার অভিযুক্ত আসামি আবু তৈয়বের পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এরপর জেরা করেন রকিবুর রহমানের আইনজীবী মহসিন রশিদ।
বেলা দেড়টার পর আদালতের কার্যক্রমে কিছু সময়ের বিরতি দেওয়া হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান জহুরুল হক তাঁর ক্লান্তি ও ক্ষুধার কথা জানান। তখন বিএসইসির পক্ষে নিয়োজিত আইনজীবী অধ্যাপক জহুরুল হকের জন্য কেক, পানি আর রং চা খাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু রং চায়ে চিনি বেশি থাকায় ডায়াবেটিসে আক্রান্ত জহুরুল হক সেটিও খেতে পারেননি।
দুপুরের বিরতি শেষে জেরার শেষ পর্যায়ে এসে জহুরুল হক নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে আদালতে উপস্থিতি থেকে মুক্তির আবেদন করেন। এর জবাবে ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবির বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে আপনার মতো সম্মানিত ব্যক্তি আদালতে উপস্থিত হয়েছেন। সে জন্য আপনাকে ধন্যবাদ। তবে আপনি খেতে পারেননি এ জন্য আমি খুবই ব্যথিত।’ এ সময় বিচারক এ-ও বলেন, ন্যায়বিচারের স্বার্থে ভবিষ্যতে যদি আদালতে আসার প্রয়োজন হয়, তখন সঙ্গে করে কিছু খাবার নিয়ে আসবেন।
বিবাদীপক্ষের আইনজীবীর প্রশ্নের জবাবে জহুরুল হক আদালতে বলেন, ’৯৬ সালে শেয়ার কেলেঙ্কারির ঘটনার তদন্ত প্রতিবেদনে কিছু অস্পষ্টতা আছে। চিটাগাং সিমেন্ট ক্লিংকার মামলায় যেসব অভিযোগ করা হয়েছে, তার বিপরীতে পর্যাপ্ত দালিলিক প্রমাণ পাওয়া যায়নি। এ জন্য অভিযোগগুলো অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছিল।
মামলার অভিযোগপত্রে বলা হয়, চিটাগাং সিমেন্ট ক্লিংকার কোম্পানির একজন পরিচালক বড় অঙ্কের শেয়ার তাঁর এক আত্মীয়ের নামে স্থানান্তর করে পরবর্তী সময়ে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে তা বিক্রি করে দিয়েছেন। কিন্তু সেই পরিচালকের নাম নেই।
অধ্যাপক জহুরুল হক গতকাল আদালতে বলেন, কোম্পানিটির কোনো পরিচালক বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করেছেন, সেটা তদন্ত কমিটি তার নির্ধারিত সময়ের মধ্যে খুঁজে বের করতে পারেনি। যদি ওই পরিচালককে শনাক্ত করা যেত, তাহলে প্রতিবেদনটি অনেক বেশি কার্যকর হতো। এ সময় তিনি আদালতকে আরও বলেন, এ জন্যই অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছিল।
শেয়ারবাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, কোম্পানিটির কোনো পরিচালক আইন লঙ্ঘন করে শেয়ার স্থানান্তর ও বিক্রি করেছেন তা বিএসইসি চাইলেই খুঁজে বের করা সম্ভব ছিল। কারণ, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির পরিচালকের শেয়ার স্থানান্তরের ক্ষেত্রে কিছু বিধিবিধান অনুসরণ করতে হয়। কোম্পানির নথি ও সরকারি একাধিক প্রতিষ্ঠানে এসব তথ্য সংরক্ষিত থাকে। কিন্তু বিএসইসি সেই কাজটি করেনি। ফলে বিচারিক কার্যক্রমে এসে ওই পরিচালককে শনাক্ত করা যাচ্ছে না।